দুর্জয় দাশ গুপ্ত »
বাংলাদেশের বিপক্ষে ঘোষিত পাকিস্তান স্কোয়াড দেখে রীতিমত ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে দল নির্বাচনে একদমই দূরদর্শিতার পরিচয় দেননি বোর্ডের নির্বাচকরা। এমনকি বাংলাদেশকে ভয় পাচ্ছে পাকিস্তান এমন মন্তব্যও করেছেন তিনি।
অভিজ্ঞ শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজকে দলে নেয়ায় রীতিমত চটেছেন ৫৭ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান। তার মতে মালিক ও হাফিজ নিজেদের সেরা সময় এরই মধ্যে পার করে এসেছেন। আর সেই কারণে তাদেরকে এখন দলে নেওয়ার পক্ষপাতি নন রমিজ।
একটি ভিডিও বার্তায় রমিজ বলেন, ‘বাংলাদেশ সিরিজে পাকিস্তানের টি-টোয়েন্টি দলটা দেখার পর থেকেই আমার খুব রাগ লাগছে। ভবিষ্যতের দিকে নজর দিয়ে দল নির্বাচন করা হয়নি। নির্বাচকেরা বেশ ভালো ভাবে বুঝিয়ে দিয়েছেন তারা চ্যালেঞ্জ নিতে রাজি না। এ জন্যই তারা শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে আবার দলে নিয়েছেন। এই দু’জন ইতিমধ্যে নিজের সেরা সময়টা ফেলে এসেছে। বাংলাদেশের বিপক্ষে হারের ভয়ে দূরদর্শী ভাবনা বাদ দিয়ে স্বার্থপরের মতো চিন্তা করলে পাকিস্তান ক্রিকেট কত দূর যেতে পারবে?’
ক্যারিয়ারের প্রায় অন্তিম লগ্নে চলে এসেছেন শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। তবুও ৩৯ বছর বয়সী মোহাম্মদ হাফিজ আর ৩৭ বছর বয়সী মালিককে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা দেয়া মানতে পারছেন না ৫৭টি টেস্ট খেলা সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তাঁর মতে নির্বাচকরা নিরাপদ পথ বেছে নেয়ার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন৷
তিনি আরো বলেন, ‘নির্বাচকদের যুক্তি হচ্ছে ৩৮ বছর বয়সী দুই ক্রিকেটার অভিজ্ঞতা থেকে ম্যাচ জেতাবেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন সিরিজেও তরুণদের বদলে তাদের সুযোগ দেওয়া উচিত ছিল। মূল কথা বাংলাদেশের বিপক্ষে তারা হারের ভয় করছে বলেই নিরাপদ পথ বেছে নিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে মালিক কিংবা হাফিজের বিপক্ষে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। পাকিস্তানের জন্য তাদের অবদান অনেক। কিন্তু এখন তাদের বয়সটা এমন যে তারা চাইলেও বেশি কিছু দিতে পারবে না।’
পাকিস্তানের টি-টোয়েন্টি দলঃ
বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আম্মাদ বাট, হারিস রৌফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান কাদির।
