ইমতিয়াজ চৌধুরী »
সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজনের কথা থাকলেও, তা বানচাল হতে পারে নিশ্চিতভাবে বলাই যায়। কেননা পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না বলে সাফ জানিয়ে দিল বিসিসিআই। মূলত বিভিন্ন সময়ে ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার ঘটনার ইস্যু টেনে পাকিস্তান যেতে নারাজ ভারতীয়রা।
তাই তো এবার বিকল্প খোঁজা শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আর তা যদি হয়, সেপ্টেম্বরে আরো একটি ক্রিকেট আসর বসতে যাচ্ছে (সম্ভাব্য) টাইগার ডেরায়। টুর্নামেন্ট আয়োজনে মিরপুরকেই সিলেক্ট করতে পারে এসিসি।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরীতার কারনে দু’দলের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনেও ব্যর্থ আইসিসি। এরই মাঝে এশিয়া কাপের মতো বড় আসরে ভারতের অনুপস্থিতিতে রং হারাবে টুর্নামেন্ট। ফলে দু’পক্ষের নিরপেক্ষ ভেন্যু হিসেবে কলম্বো ছেড়ে মিরপুর আসছে এশিয়া কাপ, এ সম্ভাবনা বেশ প্রখর।
উল্লেখ্য; বিভিন্ন সময়ে শ্রীলংকাসহ বেশ কয়েকটি দলের উপর জঙ্গী হামলার ঘটনায় দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট ছিল না পাকিস্তানে। সাম্প্রতিক সময়ে নিরাপত্তার চাদরে মোড়িয়ে শ্রীলংকা, জিম্বাবুয়ে এবং বিশ্ব একাদশ এর ম্যাচের মধ্য দিয়ে পাকিস্তানে পুনঃরায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পিসিবি।
তবে দুর্ঘটনার শঙ্কা কাটেনিও বটে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশও কম জল ঘোলা করেনি। শেষ পর্যন্ত অবশ্য পূর্নাঙ্গ সিরিজ খেলতেই পাকিস্তান যেতে রাজি হয়েছে বিসিবি। তবে সফর বয়কট করেছেন দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।
