সাজিদা জেসমিন »
অনেক তর্ক-বিতর্কের পর নিশ্চিত হয়েছে পাকিস্তান সিরিজ৷ কিন্তু পাকিস্তান যেতে অসম্মতি জ্ঞাপন করেছে বাংলাদেশ দলের অন্যতম একজন নির্ভরযোগ্য উইকেটকিপার ব্যাটসম্যান মিঃ ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বিশ্রামের জন্য ম্যাচ বাদ দিয়েছেন এমনটা কখনো মুশফিকের অভিধানে নেই। এবারের কারণ হিসেবে জানিয়েছেন পারিবারিক সমস্যার কারণে নিরাপত্তা ইস্যুতে তিনি সফরে থাকতে চান না।
রাজশাহীর কাছে ফাইনালে হারার পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। যার বেশিরভাগ আলোচনাই ছিলো পাকিস্তান সিরিজ নিয়ে। নিষেধাজ্ঞায় পড়া সাকিব আল হাসানের না থাকাতে দল এমনিতেই অনেকটা দুর্বল জায়গায় আছে। তার উপর মুশফিকের না থাকাটা দলে প্রভাব ফেলবে এমনটা প্রশ্ন উঠায় জবাবে মুশফিক বলেন – ‘বাংলাদেশ দলে বিকল্প তৈরি হতে বড়জোর এক ঘণ্টা সময় লাগে । ব্যক্তিগত ভাবে আমি এটাই মনে করি। সবসময় চেষ্টা করি পরবর্তী সিরিজে আমি কিভাবে টিকে থাকবো, এ-ই লক্ষ্য নিয়ে খেলে যাই । সামনে বিশ্বকাপ বা এশিয়া কাপ নিয়ে ভাবছিনা। লক্ষ্য পাকিস্তান সিরিজের পর জিম্বাবুয়ে সিরিজে। সেটার জন্য প্রস্তুতি নিবো।’
মুশফিকের পরিবর্তে এ-ই সিরিজে যে সুযোগ পাবে সে যথাযথ কাজে লাগাবে এমনটা আশাবাদী মুশফিক। এ প্রসঙ্গে বলেন – ‘বলেছিতো বাংলাদেশে বিকল্প তৈরি হতে এক ঘন্টা সময় ও লাগেনা। অনেক খেলোয়াড় আছে যারা ভালো খেলছে। আমি মনে করি যেই সুযোগ পাবে সে যেন সুযোগ যথাযথভাবে কাজে লাগায়। আমি পরবর্তীতে দলে সুযোগ পেলে নিজের স্থান ধরে রাখার চেষ্টা করবো।’
পঞ্চ পান্ডবের মাশরাফি কেবল ওয়ানডে খেলেন, তবে অবসর নিবেন কিনা তা নিয়েই চলছে আলোচনা। সাকিব নিষেধাজ্ঞায়, এমন অবস্থায় মুশফিকও থাকবেন নাহ। আপাতত দুর্বল এক দল নিয়ে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ এমনটা প্রসঙ্গ তোলা হলে মুশফিক বলেন- ‘ আরে ভাই আমি ভারত সিরিজেও খেলেছি, সেখানে আড়াই দিনে ম্যাচ হেরেছি। ইতিপূর্বেও আমরা পাঁচজন একসাথে খেলা ম্যাচে সব ফরম্যাটে হেরেছি। আবার কেউ একজন না থাকলেও জিতেছি। কে থাকলো না থাকলো এটার কোন প্রভাব ম্যাচে পড়বেনা।’
তরুণদের প্রতি সম্ভাবনা প্রকাশ করে বলেন- ‘অনেকেই দলে নতুন মুখ খুঁজছেন, আমি মনে করি এটা একটা সুযোগ নতুনদের দেখার। পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে খেলাটা অনেকটা চ্যালেঞ্জিং। সবার জন্য শুভ কামনা জ্ঞাপন করছি। আমি আশা রাখছি বাংলাদেশ দল ভালো খেলা উপহার দিবে।’
