বিপিএলের ফাইনাল উপভোগ করতে ঢাকায় আসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল দেখতে আজ ঢাকায় আসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস।

আজ শুক্রবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেভিন রবার্টসের পৌঁছানোর কথা রয়েছে।

কেভিন রবার্টসের আজ ঢাকায় আসার খবর দেশের একটি জনপ্রিয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল ম্যাচটি উপভোগ করতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস আজ দুপুরে বাংলাদেশে আসছেন।’

তবে শুধু বিপিএল ফাইনাল ম্যাচ উপভোগ করাই তার এই সফরের একমাত্র উদ্দেশ্য নয়। এই সফরে তার সঙ্গে দুই দেশের ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন সুজন।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু বিপিএলের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রাজশাহী রয়ালস। মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »