সানিউজ্জামান সরল »
‘তামিম ইকবাল খান’ নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে চার-ছক্কা থেকে শুরু করে শতক-অর্ধশতক, সব জায়গায় তিনি সতীর্থদের তুলনায় যোজন যোজন এগিয়ে রয়েছেন। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই ব্যাটিং স্তম্ভই কিনা পাকিস্তান সফরের আগে ইনজুরির আবেশে আচ্ছন্ন হয়েছেন। এতে স্বাভাবিকভাবেই টাইগার ক্রিকেট পাড়ায় নেমে আসে শঙ্কার কালো মেঘ। তবে বিসিবি চিকিৎসক এবার তামিমকে নিয়ে আশার কথা শুনালেন।
চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) তামিমের গড় ছিলো বেশ পরিচ্ছন্ন এবং স্বচ্ছলতা ভরপুর। তবে আসরের শুরুর দিকেই বেঁধেছিল বিপত্তি। ম্যাচ চলাকালীন হঠাৎ করে কুঁচকির চোটে আক্রান্ত হয়ে পড়েন এই চট্টলা। এই কুঁচকির চোট শুধু তামিমকে যন্ত্রণা দিয়েই ক্ষান্ত হয় নি। কেননা, এই চোটের কারণেই তামিম হয়েছিলেন অপ্রত্যাশিত এক জ্বরে আক্রান্ত। ফলে খেলতে পারেন নি একটি ম্যাচ।
চোটের নির্দিষ্ট অবস্থা পর্যবেক্ষণ করতে আক্রান্ত সেই স্থান অর্থাৎ কুঁচকিতে স্ক্যান করান তামিম। তবে এখানে ঘটে যায় আশ্চর্যজনক এক ঘটনা। যা দেখে রীতিমতো অবাক হয়েছিলো সবাই। স্ক্যান রিপোর্ট হাতে আসার পর দেখা যায়, চোট আক্রান্ত কুঁচকিতে স্ক্যান না করিয়ে; কোমরে করানো হয়েছে স্ক্যান। এটি ঘটে ডাক্তারদের চরম এক ভুলে। যা বিব্রত পরিস্থিতিতে ফেলেছিলো তামিমকেও।
কুঁচকির চোট নিয়েই বিপিএল খেলা চালিয়ে যেতে থাকেন। আর এতেই দুশ্চিন্তা দেখা দিয়েছিলো। আজ বাদে কাল পাকিস্তান সফর, এর আগে যদি তামিমের চোট না সাড়ে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে তামিমের আঘাত প্রাপ্ত স্থানে করানো হয়েছে স্ক্যান। স্ক্যান রিপোর্টে শঙ্কাহীন এক তামিমের তথ্য পাওয়া গেছে। যা স্বস্তি ফেলেছে টাইগার শিবিরে।
তামিমের চোট প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী দেশের এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে জানান, ‘তামিমের কুঁচকির চোটটি পুরোনো। সে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিবিপিএল) এই চোটে আক্রান্ত ছিল। যদিও সে ইনজুরি নিয়েই খেলা চালিয়ে গেছে। সম্প্রতি আমরা স্ক্যান করেছি তামিমের, গুরুতর কিছু ধরা পড়ে নি। তবে এরপরও আমরা তাকে পুনর্বাসনের জন্য ফিজিও জুলিয়ানের কাছে পাঠিয়েছি।’
প্রসঙ্গত, দীর্ঘদিন পর বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামছেন তামিম ইকবাল। সেটা পাকিস্তান সফরে। এ মাসেই পাকিস্তানের আতিথেয়তায় টি-টোয়েন্টি খেলতে সেখানে পা রাখবে বাংলাদেশ ক্রিকেট। গত শ্রীলঙ্কা সফরের পর জাতীয় দলের জার্সি গায়ে ২২ গজে না নামা তামিম, এই সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। নিজের প্রত্যাবর্তনটা রাজকীয় ভাবে করে আবারো ভক্তদের প্রফুল্ল করুক তামিম, চাওয়া ক্রিকেট প্রেমীদের।
