দুর্জয় দাশ গুপ্ত »
দেখতে দেখতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আর এই আসরে বল হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না পেসার আবু জায়েদ রাহির। রাজশাহী রয়্যালসের হয়ে খেলা এই পেসার এবারের আসরে মোট ৯ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন মাত্র ৬ টি।
চোখের ঠিক সামনেই সোমবার মোহাম্মদ আমিরের আগুন ঝড়ানো বোলিং দেখেছেন আবু জায়েদ রাহি। পাকিস্তানি পেসারের সুইং আর বাড়তি বাউন্সের সামনে দাঁড়াতেই পারে নি রাজশাহী। একদম নাকাল হয়েছে তারা। মোহাম্মদ আমির একাই নিয়েছেন রাজশাহীর ৬ উইকেট।
দুর্দান্ত বল করা আমির দারুণ এক সুইংয়ে রাজশাহীর ওপেনার লিটন দাসকে ক্লিন বোল্ড করেন। আর এই বলটিই একদম পছন্দ রাহির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে রাহি জানান, এমন বোলিং যে কোনো বোলারদের জন্যই স্বপ্ন।
রাহি বলেন আমিরের মতো তিনিও এমন বল করতে চান। এ বিষয়ে রাহি বলেন, ‘লিটন বোল্ড হয়েছে যে বলে, এটা যেকোনো একজন পেস বোলারের জন্য ড্রিম। এইটাই চোখে ভাসছিল আজ। আর মনে হয়েছে এমন বোলিং করতে পারবো কবে আমি।’
এদিকে রাহি আরো জানান, পর্যাপ্ত সুযোগের অভাবে বিপিএলে ভালো বোলিং করতে পারছেন না তিনি। তাঁর মতে নতুন বলে বল করার সুযোগ না পাওয়া এবং বোলিং কোটা পূর্ণ করতে না পারাই তাঁর বাজে বোলিংয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘অবশ্যই আমার জন্য খারাপ বিপিএল যাচ্ছে। বোলিং করার তেমন একটা সুযোগ পাচ্ছি না। দুই ওভার এক ওভার করছি, নতুন বলেও আবার বল করতে পারছি না। আমার ডেপথ হচ্ছে সুইং কিন্তু এই জায়গায় বোলিং করার সুযোগ পাচ্ছি না আমি।’
