দুর্জয় দাশ গুপ্ত »
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে এসে রেকর্ড বইয়ে নিজের নাম লেখিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। খুলনা টাইগার্সের জার্সিতে গতকাল রাজশাহী রয়ালসের বিপক্ষে বাঁহাতি এই পেসার করেছেন বিপিএলের ইসিহাস সেরা বোলিং।
৪ ওভার বল করে রান দিয়েছেন কেবল ১৭ আর সাথে তুলে নিয়েছেন রাজশাহীর ৬ উইকেট। মূলত নিজের করা প্রথম স্পেলেই রাজশাহীর মেরুদণ্ড ভেঙে দেন আমির। ৩ ওভার বল করে ১২ রান দিয়ে ৪ উইকেট প্রথম স্পেলে। দ্বিতীয় স্পেলে আবার বল করতে এসে পুরো ম্যাচ জুড়ে রাজশাহীর হয়ে প্রতিরোধ গড়া মালিক-তাইজুল জুটিতে ভাঙ্গন ধরান আমির। এক ওভারে তুলে নিয়েছেন তাইজুল আর ৮০ রান করা স্বদেশী শোয়েব মালিকের উইকেট।
বিপিএলে এর আগের সেরা বোলিং ফিগারটিও ছিলো আরেক পাকিস্তানি পেসারের দখলে। ২০১২ সালে দুরন্ত রাজশাহীর খেলা মোহাম্মদ সামি শিকার করেছিলেন মাত্র ৬ রান দিয়ে ৫ উইকেট। সেই ম্যাচে দুরন্ত রাজশাহীর প্রতিপক্ষ ছিল সেই আসরের ফেভারিট ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
এবারের বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলা আরেক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ ৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিলো রাজশাহী রয়্যালস। আর এটাই বিপিএলের ইতিহাসে তৃতীয় সেরা বোলিং ফিগার।
রেকর্ডের যে ইতিহাস সেখানে চতুর্থ স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কেভন কুপার। ২০১৫ সালের বিপিএলে ঢাকা ডাইনামাইটের বিপক্ষে ১৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন এই ক্যারিয়বিয়ান। সে বছর বরিশাল বুলসের জার্সি গায়ে বিপিএল খেলেছিলেন তিনি।
সেরা বোলিং ফিগারের তালিকায় সেরা পাঁচের পঞ্চম স্থানে আছে একমাত্র বাংলাদেশী হিসেবে সাকিব আল হাসানের নাম। ২০১৭ সালের বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩.৫ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। সেই আসরে ঢাকা ডাইনামাইটের হয়ে বিপিএল মাতিয়ে ছিলেন সাকিব আল হাসান।
