দুর্জয় দাশ গুপ্ত »
দুপুরে শুরু হওয়া বোর্ড মিটিং শেষ হলো রাতে। অনেক লম্বা মিটিং শেষে কি কি ঘোষণা আসে তার জন্য অপেক্ষা বিসিবি ভবনে। কিন্তু বোর্ড মিটিংয়ের মূল কেন্দ্রবিন্দু পাকিস্তান সফরের বিষয়ে নেই নতুন কোন সিদ্ধান্ত। বিসিবি অটল পূর্বের সিদ্ধান্তেই। আরো একবার জানানো হলো কেবল তিন ম্যাচের টি- টোয়েন্টি খেলতেই পাকিস্তান সফরে যেতে রাজি বাংলাদেশ। সেই দল ফিরে আসার পর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পুনরায় বিবেচনায় এনে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
পাকিস্তান সফর নিয়ে বিসিবি তাদের এমন সিদ্ধান্তের কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কে জানানো হয়েছিলো আগের বছরেই। নতুন বছরে এসে নতুন করে আগের কথাই জানালো বিসিবি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান আজকের সভা শেষে গণমাধ্যমকে বলেন, ‘মধ্যপ্রাচ্যে এখন ভূ-রাজনৈতিক পরিস্থিতি একদমই ভালো পর্যায়ে নয়। এজন্যই সরকারের কাছ থেকে আমাদের পাকিস্তান সফরের ব্যাপারে বলা হয়েছে যেন এই সফরটা সংক্ষিপ্ত আকারে করা হয়। আমরা আমাদের সরকারের নির্দেশনা মোতাবেক পথে চলতে চাই।’
অন্যদিকে পিসিবি কিছুদিন আগে বলেছিলো প্রয়োজনে টি- টোয়েন্টি সিরিজ বাংলাদেশ পরে কোন একসময় খেলতে পারবে। তবে এখনই যেন টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায়। বিসিবি আজকের বোর্ড মিটিং শেষে জানিয়ে দিয়েছে তারা এই বিষয়ে নিজেদের আগের সিদ্ধান্তেই থাকছে। এখন সেটা মেনে নিবে কি না সেটা পাকিস্তানের নিজেদের ব্যাপার।
