বিশ্বকাপে নিজেদের সামর্থ্য দেখাতে চায় অনুর্ধ্ব-১৯ দল

চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ »

হোম কিংবা এ্যাওয়ে, গত একবছরে অপ্রতিরোধ্য বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। আকবল আলীর নেতৃত্বাধীন তামিম, মাহমুদুল, তৌহিদের নিয়ে গড়া বাংলাদেশ দলকেও রাখতে হচ্ছে ফেভারিটের তালিকায়। সাম্প্রতিক পরিসংখ্যানে রাখতে বাধ্যও বটে।

গতবছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের মাধ্যমে শুরু। এরপর একে একে ভারত, নিউজিল্যান্ডের ও ইংল্যান্ডের মতো বাঘা বাঘা সব দলকে বিদেশের মাটিতে হারানোর সামর্থ্য দেখিয়েছে টাইগার যুবারা। এশিয়া কাপের ফাইনাল, ভারত-ইংল্যন্ডকে নিয়ে ইংল্যান্ডের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলেছে আকবর আলীর দল।

বিশ্বকাপেও তাই আশার পাল্লাটা বেশ ভারী। ১৮ই জানুয়ারি পচেম্ট্রমে জিম্বাবুয়ে যুবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু টাইগার যুবাদের বিশ্বকাপ যাত্রা। ‘সি’ গ্রুপে জিম্বাবুয়ে ছাড়াও টাইগারদের সঙ্গী স্কটল্যান্ড ও পাকিস্তান। এর আগে শনিবার আইসিসি’র অফিসিয়াল সংবাদ সম্মেলনে (অধিনায়ক) এসে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলীও শোনালেন আশার বাণী।

আকবর বলেন; ‘আমরা এখানে (বিশ্বকাপে/দক্ষিণ আফ্রিকা) আসতে পেরে বেশ খুশী। নিজেদের সামর্থ্য ও প্রতিভা বিশ্বকে দেখানোর একটা বড় সুযোগও বলা যায়। আমাদের প্রস্তুতিটাও বেশ ভালো মনে করি এবং ছেলেরা সবাই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে আছে।’

অধিনায়ক আলো জানান; ‘ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং সব বিভাগেই আমাদের প্রস্তুতিটা বেশ ভালো। দলটা বেশ ভারসম্যপূর্ণ।’ সতীর্থদের প্রতি আস্থা রেখে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন; ‘দলের প্রতিটি খেলোয়াড় যথেষ্ট প্রতিভাবান। তাদের সামর্থ্য নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ছেলেদের মধ্যে মাঠের লড়াইয়ে নামার উত্তেজনা বিরাজ করছে।’

উল্লেখ্য; অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশী যুবাদের এখন পর্যন্ত সেরা সাফল্য ২০১৬ সালে ঘরের মাঠে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে তৃতীয় স্থান অর্জন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »