সানিউজ্জামান সরল »
আর মাত্র ৫ দিন পর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭ম আসরের। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টকে ঘিরে এরইমধ্যে শুরু হয়ে গেছে নানা আয়োজন। বাংলাদেশের ক্রিকেটপাড়া মেতেছে বিপিএলের আনন্দে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট দিয়েই জাতীয় দলে আবারো ফিরতে চান তিনি।তাছাড়া এই টুর্নামেন্টটি বেশ উপভোগ করে বলেও জানিয়েছেন তিনি।
বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় ৬ নম্বরে থাকা এই বোলার এবারের বিপিএল মাতাবেন রংপুর রেঞ্জার্সের হয়ে। গত আসরে সিলেটের হয়ে অগ্নি ঝড়া বোলিং করেছিলেন তিনি। এবারের আসরেও ধরে রাখতে চান ধারাবাহিকতা।
ইনজুরিতে কপাল পুড়া তাসকিন গত বিপিএলের শেষের দিকে পায়ে আঘাত পান। ফলে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে যান তিনি। তবে এখন পুরোপুরি ফিট এক তাসকিনকে দেখবে বিপিএল এবং এই বিপিএলে ভালো পারফর্ম করেই জাতীয় দলে পুনরায় খেলার সুযোগ পেতে চান তিনি।
গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে ডানহাতি এই স্পীড স্টার জানিয়েছেন, ‘আমি এখন যেখানেই সুযোগ পাই না কেন, আমার লক্ষ্য একটাই। আর সেটা হলো ভালো খেলা। আমি সর্বোচ্চ চেষ্টা করছি সুস্থ ও ফিট থাকার। অবশ্যই আমার ইচ্ছা, বিপিএলে ভালো খেলা এবং আমি নিজের সবটুকু দিয়েই ট্রাই করবো যে, কিভাবে ভালো খেলা যায়? ভালো পারফরম্যান্স করে যেন জাতীয় দলে আবার সুযোগ পেতে পারি, সেটা মূল লক্ষ্য থাকবে।’
প্রসঙ্গত, গত বিপিএলে তাসকিন খেলেছেন সিলেট সিক্সার্সের হয়ে। অগ্নি ঝড়া বোলিং করে আসরের ২য় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। ২৪ বছর বয়সী ডানহাতি এই পেসার গত আসরে ১২ টি ম্যাচ খেলে ২২টি উইকেট শিকার করেছিলেন। এবারের বিপিএলেও এমন পারফরম্যান্স করতে মুখিয়ে আছেন তাসকিন।
