বিপিএলে ২ হাজার রানের দরজায় কড়া নাড়ছেন তামিম!

সানিউজ্জামান সরল »

চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএলের। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। এই বিপিএলের আগে ২ হাজার রানের অতি নিকটে দাঁড়িয়ে তামিম ইকবাল। আর মাত্র ১৭৫ রান করলেই বিপিএল ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন দেশের ক্রিকেটের সেরা এ ব্যাটসম্যান।

এ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ টি পর্ব মাঠে গড়িয়েছে। এবারের আসরের মধ্য দিয়ে বিপিএলের ৭ টি পর্ব অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বিপিএলের ৬ টি আসরে মোট ৫৮ টি ম্যাচ খেলেছেন তামিম। ৫৮ ম্যাচে মাঠ মাতানো তামিমের ব্যাট থেকে এসেছে ১৮২৫ রান। যা তামিমকে নিয়ে গেছে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১ নম্বরে। আর মাত্র ১৭৫ রান করলেই প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ২ হাজার রান করার আনন্দে ভাসবেন দেশসেরা এ ব্যাটসম্যান।

বিপিএলের ৭ম আসর অর্থাৎ ‘বঙ্গবন্ধু বিপিএল’ মাঠে গড়াবে চলতি মাসের ১১ তারিখ থেকে। সবকিছু ঠিক থাকলে, এই আসরেই তামিমের ঝুলিতে ১৭৫ রান যোগ হবে এবং ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করে তামিম নিজেকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়। কেননা একটি ঘরোয়া টুর্নামেন্টে ২ হাজার রান, একজন ব্যাটসম্যানের জন্য অনেকটা সম্মানের এবং মর্যাদার।

বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং আর তামিম যেনো একই সূত্রে গাঁথা। ব্যাটিংয়ে যতো বড় বড় রেকর্ড আছে সবই যেনো এক তামিমের ঝুলিতেই। আর বিপিএলেও এর ব্যাতিক্রম নয়। দেশ সেরা এ ব্যাটসম্যান যেনো সব জায়গাতেই নিজেকে সেরা প্রমাণ করছেন বারংবার।

বিপিএলের ৬ষ্ঠ আসর অর্থাৎ গত বিপিএলের আগ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে তামিম ইকবালের দুইটি সেঞ্চুরি ছিলো। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি। অথচ বিপিএলে একটা সেঞ্চুরি ছিল না তামিমের। তবে বাঁহাতি এই ওপেনার বিপিএলে সেঞ্চুরি করতে বেছে নিলেন ফাইনালের মতো বড় মঞ্চ। খেললেন ৬১ বলে ১৪১ রানের ঝকঝকে ইনিংস। ধ্রুপদি এই ইনিংসের পথে অনেকগুলো রেকর্ডেরও মালিক হন তামিম।

 

তারমধ্যে বিশেষ কিছু রেকর্ড হলোঃ-

• টি-টোয়েন্টির কোনো ফাইনালে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি সেঞ্চুরি করেছিলেন।

• সে ম্যাচে তামিমের স্ট্রাইকরেট ছিল ২৩১। যা ফাইনালে ৫০-এর ওপরে রান করেছেন এমন সব ব্যাটসম্যানদের মধ্যে সেরা।

• অপরাজিত ১৪১ রান তামিমের ব্যক্তিগত সর্বোচ্চ তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চও। তামিম ভেঙেছেন নিজেরই রেকর্ড। এর আগে ২০১৩-১৪ মৌসুমে স্বীকৃত টি টোয়েন্টিতে বিসিবি-মোহামেডান ম্যাচে ১৩০ রান করেছিলেন তিনি।

• বিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ছিল এটি। এর আগে বিপিএলের ৫ম আসরে ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল।

• তামিমের ইনিংসে ছক্কা। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে দুই অঙ্কের ছক্কা পেয়েছিলেন তামিম। ছয়ের সংখ্যা ছিলো এগারোটি।

 

এমন আরো অনেক রেকর্ড বা পরিসংখ্যান তামিমকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। নিজের ব্যাটিং গুনে হয়েছেন দেশ সেরা ব্যাটসম্যান। এমনকি শুধু দেশের গণ্ডিতেই থেমে থাকেন নি তিনি। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের সব বাঘা বাঘা ওপেনারদের আরেক নামও এখন বাংলাদেশ ক্রিকেটের তামিম ইকবাল খান। তামিম ইকবাল তার ব্যাটিং দক্ষতায় আরো অনেক এগিয়ে যাক, এটাই চাওয়া ভক্ত-সমর্থকদের।

প্রসঙ্গত, বিপিএলে তামিমের পর ২ হাজার রান করার নিকটে আছেন মুশফিকুর রহিম। তার রান ১৭৮৩। অর্থাৎ আর ২১৭ রান করলে তিনিও ছুঁয়ে ফেলবেন ২ হাজার রানের মাইলফলক। মুশফিকের সামনেও সুযোগ থাকছে, এই বিপিএলেই (বঙ্গবন্ধু বিপিএল) ২ হাজার রান পূর্ণ করার।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »