নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে সবচেয়ে বেশি জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্ব ক্রিকেটের প্রায় সকল ক্রিকেটারই অপেক্ষায় থাকেন আইপিএলের। তবে তার আগে সবার চোখ থাকে আইপিএলের নিলামে। এবারের আইপিএল নিলামে উঠতে আগ্রহী ৬ জন বাংলাদেশি ক্রিকেটার।
২০০৮ সালে প্রথমবারের মত মাঠে গড়ায় আইপিএল। এর পর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর অনুষ্ঠিত হয় সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট। নিয়ম করে ব্যাঙ্গালোরুতে প্রতি বছর হয় আইপিএলের নিলাম বা প্লেয়ার্স ড্রাফট৷ তবে এবারই প্রথম নিলামের জায়গা পরিবর্তন হয়েছে। ১৩তম আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে কলকাতায়। গার্ডেন সিটির পরিবর্তে সিটি অব জয়তেই বসবে প্লেয়ার ড্রাফট আগামী ১৯ ডিসেম্বর।
মাঠের লড়াইয়ের আগে নিলামের দিকেই নজর থাকে ক্রিকেটার থেকে ভক্ত পর্যন্ত সবার৷ এবারের ড্রাফটে মোট ৯৭১ জন ক্রিকেটার থাকছেন। এর মধ্যে বাংলাদেশের আছেন ৬ জন। তবে এখনো এই ৬ বাংলাদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেনি আয়োজক কমিটি।
৯৭১ জন ক্রিকেটারদের মধ্যে ভারতেরই আছেন মোট ৭১৩ জন ক্রিকেটার৷ আর বিদেশি ২৫৮ জন। নিলাম পর্বে বাংলাদেশ ছাড়াও আরো আছেন, অস্ট্রেলিয়া ৫৫, দক্ষিণ আফ্রিকা ৫৪, শ্রীলঙ্কা ৩৯, ওয়েস্ট ইন্ডিজ ৩৪, নিউজিল্যান্ড ২৪, ইংল্যান্ড ২২, আফগানিস্তান ১৯, জিম্বাবুয়ে ৩, নেদারল্যান্ডস ১ ও আমেরিকার ১ জন।
