নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বেশ কিছুদিন ধরেই খারাপ পারফরম্যান্সের ঘোরে আছেন ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুট। বিশেষ করে গত অ্যাশেজে একদমই নিষ্প্রভ ছিলো জো রুটের ব্যাট। অ্যাশেজে ৫ ম্যাচের টেস্ট সিরিজে বলার মত কিছুই করে দেখাতে পারেননি তিনি। আর তাতেই সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তবে অ্যাশেজের পরে এসে নিউজিল্যান্ড সিরিজকে যেন বেশ পোক্ত করেই ধরেছিলেন জো রুট। আর তাতে ফলাফলও পেয়েছেন বেশ।অ্যাশেজের ব্যর্থতা গুচিয়ে রাজকীয়ভাবে ফিরলেন ইংলিশ কাপ্তান।
অ্যাশেজের ব্যর্থতা ঘুচালেন হ্যামিল্টনে কিউইদের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে। একটা সময় এসে ইংল্যান্ড যখন পরাজয়ের স্বাদ ভোগ করার প্রস্তুতিতে ব্যস্ত ঠিক তখনই পোপকে সাথে নিয়ে ত্রাতার বেশে দাঁড়িয়ে গেলেন জো রুট। পোপকে সাথে নিয়ে ১৯৩ রানের অনবদ্য এক জুটি গড়েন রুট। যেখানে পোপের অবদান ছিলো ৭৫ রান। নিজেকে সঙ্গ দেয়া পোপকে ধন্যবাদও দিয়েছেন দিনশেষে।
ইংল্যান্ডকে বাঁচাতে এক ম্যারাথন ইনিংসের উৎপত্তি করেন হ্যামিল্টনে। দীর্ঘ ১০ ঘন্টা ব্যাট করেন ইংলিশ কাপ্তান। দীর্ঘ ১০ ঘন্টা ব্যাট করে ২২৬ রান করে হ্যামিল্টন টেস্টে বেশ ভালো অবস্থানেই রেখেছেন ইংল্যান্ডকে। ডাবল সেঞ্চুরি করে রেকর্ডের পাতায়ও এনেছেন পরিবর্তন। সফরকারী দলের প্রথম অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করলেন রুট। এছাড়াও ইংলিশদের চতুর্থ অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করেন। জো রুটের আগের তিনজন হলেন জন লেন হাটন, টেড ডেক্সাটার ও অ্যালিস্টার কুক।
অ্যাশেজে নিষ্প্রভ থাকা জো রুটের টেননিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে হ্যামিল্টনে রুটের রাজকীয় ডাবল সেঞ্চুরির পর তাকে নিয়ে মুখ খুলেছেন নাসের হুসেইন। তিনি বলেন, ‘ রুটের টেকনিকে কোন ত্রুটি নেই। তাই রুটের টেকনিক পরিবর্তন করারও কোন প্রয়োজন নেই। আমি যখন বাচ্চাদের কোচিং করাই তখন তাদের রুটের নিখুঁত ব্যাটিং টেকনিক খেয়াল করতে বলি। দীর্ঘ সময় ব্যাট করেছে তাই ওর আত্মবিশ্বাসটা ফিরে আসবে। ‘
জো রুটের এমন রাজকীয় ডাবল সেঞ্চুরির পরও তাকে দেখা যাবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে। আগামী ১৯ ডিসেম্বর ৯৭১ জন ক্রিকেটারের তালিকা নিয়ে কলকাতায় বসবে আসন্ন আসরের নিলাম আর যেখানে নেই জো রুটের নাম। জানা গেছে আইপিএলে নিজের নাম অন্তর্ভুক্ত করেননি ইংলিশ এই অধিনায়ক। রুটের পাশাপাশি দেখা মিলবে না অস্ট্রেলিয়ার গতিদানব মিচেল স্টার্কের । তবে আইপিএলের নিলামে ফিরেছেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারন ফিঞ্চরা। অ্যারন ফিঞ্চ বাদে বাকিদের ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি টাকা করে।
