নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট লিগ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ৭জন বাংলাদেশি ক্রিকেটারকে দলভুক্ত করেছে বাংলাদেশের প্রতিনিধি দল বাংলা টাইগার্স। তবে, তাদের মধ্যে ছয়জন ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেয়ননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে(বিসিবি)। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলা টাইগার্সের প্রতিনিধিত্ব করবেন ফরহাদ রেজা।
প্রথম বারের মতো বাংলাদেশের দল হিসেবে টি-১০এ যুক্ত হয়েছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স। দলটির মালিক বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও এফএমসি গ্রুপের চেয়ারম্যান মো. ইয়াসিন চৌধুরি এবং বিসিবির সাবেক ডিরেক্টর ও বাংলাদেশ অলম্পিক অ্যাসোসিনের মেম্বার সিরাজুদ্দিন আলম। হেড কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে টাইগারদের সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদকে। ম্যানেজার হিসাবে থাকছেন নাফিস ইকবাল খাঁন।
বাংলা টাইগার্স নিলামে সাত জন বাংলাদেশি ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে; যার ৬ জনকেই তারা পাচ্ছে না। তারা দলে টেনেছিলেন- এনামুল হক বিজয়, মেহেদী হাসান, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিক, আরাফাত সানি, আবু হায়দার রনি ও ইয়াসির আলি চৌধুরি রাব্বিকে। তবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), ইমার্জিং দল, এ দলের জন্য ৬ জনকেই অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।
আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার টুর্নামেন্টে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন ফরহাদ রেজা। বিদেশিদের মধ্যে থিসারা পেরেরা, রবি ফ্রাইলিংক এবং কলিন ডি গ্রান্ডহোম মাঠ মাতাবেন বাংলা টাইগার্সের হয়ে।
