অনুশীলনের সময় হাতে চোট পেয়ে মাঠ ছাড়লেন সাদমান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের সাথে টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুরের একাডেমী মাঠে অনুশীলন করার সময় হাতে চোট পেয়ে মাঠ ছাড়লেন ওপেনার সাদমান ইসলাম অনিক।

আগামী ১৪ নভেম্বর থেকে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যেই ভারতে অবস্থান করছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দল। টি-টোয়েন্টি দলের বেশ কিছু ক্রিকেটার রয়েছেন টেস্ট স্কোয়াডে। টেস্ট স্কোয়াডের বাকি সদস্যরা আগামীকাল (৮ নভেম্বর) ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন।

আগামীকাল দেশ ত্যাগ করার আগে গতকাল মিরপুরের একাডেমী মাঠে অনুশীলন করেন স্কোয়াডের বাকি সদস্যরা। গতকালের ন্যায় আজও নিজেদের মাটিতে নিজেদের শেষ বারের মত ঝালিয়ে নিতে একাডেমী মাঠে আসেন সাদমান মিরাজরা। তবে অনুশীলনের সময় ব্যাট করতে গিয়ে হঠাৎই হাতে বল লেগে চোট পান সাদমান ইসলাম। চোট পাওয়ার পরোক্ষণেই মাঠ ছাড়েন তিনি। তবে এখনো জানা যায়নি সাদমানের চোট কতটা গুরুতর৷ তবে খালি চোখে দেখে খুব একটা বেশি গুরুতর বলে মনে হয়নি।

বিসিবির চিকিৎসা দেবাশীষ চৌধুরী দেখার পরই বলা যাবে কি অবস্থা সাদমানের হাতের। তিনি দেখার পরই সিদ্ধান্ত নেয়া হবে স্ক্যান করার কোন প্রয়োজন হবে কি না কিংবা দুই তিন বিশ্রাম নিলেই ঠিক হবে কি না।

দলে অভিষেক হওয়ার পর থেকেই নিজেকে জাতীয় দলের ওপেনার হিসেবে পাকাপোক্ত করছেন তিনি। ইতিমধ্যেই নির্বাচকদের ও দেশের ক্রিকেট প্রেমীদের কাছে টেস্টের ওপেনার হিসেবে আস্থা অর্জন করেছেন তিনি। এনসিএলের চতুর্থ রাউন্ডে ঢাকা মেট্রোর হয়ে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন সাদমান। চট্টগ্রামের বিপক্ষে খেলেন ২৭৬ বলে ১৭৮ রানে অসাধারণ ইনিংস।

২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ৪ টি টেস্ট। চার টেস্টের ৭ ইনিংসে ২৩৪ রান করেছেন এই বা’হাতি ওপেনার। তামিম ইকবাল না থাকায় ভারতের সাথে টেস্ট সিরিজে সাদমানের কাছে নির্বাচক ও ক্রিকেট প্রেমীদের প্রত্যাশাটা একটু বেশিই থাকবে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »