নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কোন একটি কাজ করতে গেলে সেটার প্রারম্ভের দিকটা খেয়াল রাখা অত্যন্ত জরুরী। যেকোন কাজ আপনি করতে যান না কেনো, প্রারম্ভটা আপনাকে ঠিকঠাক করতেই হবে। তা না হলে সেই কাজের সফলতা অনিশ্চিত।
আর এই কষ্টসাধ্য কাজটিই যেনো দীর্ঘদিন ধরে খুব সহজেই করে আসছেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের সূচনা যেনো ‘তামিম ইকবাল’ নামটি ছাড়া অসম্পূর্ণ। দলে এই নামটি না থাকলে যেনো ভক্ত-সমর্থকদের মাঝে জন্ম নেয় এক অজানা শূন্যতার। যে শূন্যতার পীড়ায় মনের ভেতরে অবিরত খাঁ খাঁ করতে থাকে। মনে হয়, কি যেনো নেই-কি যেনো নেই।
ফিরে আসি মূল কথায়!
ঘরের মাঠে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে থাকার পর ভারত সফর দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিলো তামিমের। এর জন্য নিজে পুরোপুরি প্রস্তুতও ছিলেন। তবে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। আর এতে করে তামিমের সঙ্গে কাজ করার অপেক্ষা আরো দীর্ঘ হলো প্রধান কোচ ডোমিঙ্গোর। কেননা নবনিযুক্ত এই কোচের প্রথম এসাইনমেন্টে ছুটিতে ছিলেন তামিম। এবার ভারত সফরেও তামিমকে না পেয়ে আক্ষেপ করেছেন রাসেল ডোমিঙ্গো।
এক প্রকার আক্ষেপ করেই ডোমিঙ্গো বলেন, তামিম থাকলে ভালো হতো। ডোমিঙ্গোর ভাষ্যমতে, ‘আমাদের পরের সিরিজ কাদের সাথে হবে বা কোথায় হবে, তা এখনো আমি জানি না। তবে আমি আশা করি, পরের সিরিজ থেকেই দলের সেরা ব্যাটসম্যান তামিমকে দলে পাবো। মূলত সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই এ সিরিজ খেলতে পারছে না তামিম। তবে ও যদি থাকতো ভালো হতো।’
তামিম প্রসঙ্গে গতকাল (১ নভেম্বর) টাইগারদের অনুশীলন শেষে ডোমিঙ্গো আরো জানান, ‘আমরা কফির টেবিলে এক সঙ্গে বসে কথা বলেছি। তবে এখন পর্যন্ত আমাদের একসাথে কাজ করা হয় নি। ওর সাথে সংযোগ স্থাপনে আমি মুখিয়ে আছি।’
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট দলের অপরিহার্য এক আস্থার নাম তামিম ইকবাল। ‘দ্যা গেইম চেঞ্জার’ এর একটি লম্বা ইনিংসে বাংলাদেশ দল যেনো খুঁজে পায় জয়ের এক অটল বিশ্বাস। বাংলাদেশের ক্রিকেট দলের ব্যাটিং রেকর্ড আর তামিম নামটি যেনো একই সূত্রে গাঁথা। দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটসম্যানের নাম তামিম ইকবাল। নিজের পারফরম্যান্স তামিমকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। বর্তমান সময়ে দেশের গণ্ডী পার করে তিনি বিশ্বের সেরা ওপেনারদের মধ্যেও একজন। সেরা ওপেনারদের তালিকা হলে, ‘তামিম ইকবাল’ নামটি ১/২/৩ এর মধ্যেই থাকে।
