নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত সফরকে সামনে রেখে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। শুক্রবার থেকে শুরু হওয়া ক্যাম্পে ভারত সফরে থাকা সকল ক্রিকেটার উপস্থিত থাকলেও ছিলেন না কেবল অধিনায়ক সাকিব আল হাসান। আর এই বিষয়টি নিয়েই ক্রিকেট পাড়ায় তৈরি হয়েছে গুঞ্জন।
গতকাল বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন স্পিন বোলিং ড্যানিয়েল ভেট্টোরি। শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে বিকেলেই চলে যান অনুশীলন ক্যাম্পে। তার উপস্থিতিতেই হয়েছে ক্রিকেটারদের স্কিল সেশন।
তবে সব ছাপিয়ে প্রধান ইস্যু ছিলো সাকিবের না থাকা। সাকিব অনুপস্থিত থাকায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। তবে সাকিবের না থাকা নিয়ে ক্রিকেটাররাও নিশ্চিতভাবে কিছু বলতে পারেন নি। ক্যাম্পের প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন আরাফাত সানী। কিন্তু সাকিবের অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি কিছু জানাতে পারেন নি। সানী বলেন, ‘সাকিব ভাইয়ের বিষয়ে আমার কিছু জানা নেই। টিম ম্যানেজমেন্ট সেটা বলতে পারবেন।’
এছাড়া ম্যানেজমেন্ট সূত্রেও সাকিব আল হাসানের বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। আর এতেই সবার মধ্যে একটি অজানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে অসমর্থন একটি সূত্রে জানা যায়, সাকিব আল হাসান অসুস্থতার কারণে প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন যোগ দিতে পারেন নি। শনিবার থেকে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারেন।
অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেটের দুঃসময় যেন কাটছেই না। ক্রিকেটাররা ধর্মঘট প্রত্যাহার করে ফিরেছেন ক্যাম্পে। কিন্তু তবুও যেন কিছু একটা থেকে যাচ্ছে। সম্প্রতি ক্রিকেটারদের ধর্মঘটের দ্বিতীয় দিনে গ্রামীণফোনের সাথে চুক্তি করেছেন সাকিব। এবার এই চুক্তি নিয়েই প্রতিক্রিয়া জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ড সভাপতি বলেন, ‘এ ব্যাপারে আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এখানে। আমরা আমাদের ক্ষতিপূরণ দাবি করব। আর এটা দাবি করবো কোম্পানির কাছেও আবার প্লেয়ারের কাছেও। আমরা কি ছেড়ে দিবো না কি? আমি ইতিমধ্যে বলে দিয়েছি গ্রামীণফোনকে লিগ্যাল নোটিশ পাঠাও। আমরা ব্যাখা চাই এটার। কিভাবে আইন ভঙ্গ করে সে গেল? তাকে দেখাতে হবে আইনভঙ্গ করে নি। তাকে বলার সুযোগ দিতে হবে। আমাদের কাছে এ ব্যাপারটি মনে হয়েছে, ‘বোর্ডের কোনো নিয়মকানুন মানি না।’ এরকম হলে কঠোর ব্যবস্থা নিবোই আমরা।’
