নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির সূচি অনুযায়ী আগামী বছর পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। যেখানে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তা ইস্যুতে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে বিসিবি। পাকিস্তান সফরের মতোই স্পন্সর জটিলতায় বিপিএলের ৭ম আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’ নির্ধারিত সময়ে আয়োজন করা নিয়ে রয়েছে শঙ্কা।
নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যাওয়া নিয়ে নিশ্চয়তা দিতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছুদিন আগেই বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছিলেন, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিবো যে, বানাদেশ দল পাকিস্তান সফরে যাবে কি না। গতকাল (৫ অক্টোবর) গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের মুখেও শোনা গেলো একই সুর। আকরাম খানের ভাষ্যমতে, “আসলে আমরা এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করার পর পরই সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে কিছুই বলতে পারছি না।”
বিপিএল ইস্যুতেও আকরাম খান যেনো প্রধান নির্বাহীর দেখানো পথেই হাটলেন। তার সঙ্গে সুর মিলিয়ে আকরাম খান জানিয়েছেন, “আসলে এ ব্যাপারে আমি বেশিকিছু জানি না। এখনো এক সপ্তাহের মতো সময় আছে। আশা করি খুব তারাতারিই সবকিছু গুছিয়ে ফেলবো আমরা। হাতে সময়ও খুব বেশি একটা নেই। তাই যা করার এই কয়েকদিনের মধ্যেই করতে হবে।”
প্রসঙ্গত, এবারের বিপিএল নিজেদের অর্থায়নেই আয়োজন করছে বিসিবি। যদিও স্পন্সরের জন্য বিজ্ঞপ্তি দিয়োছিলো তারা। তবে সেভাবে কারো কাছ থেকে সাড়া পাওয়া যায় নি।
