‘ওভাই ট্রফির’ ফাইনালে আমরাই এগিয়ে: মোসাদ্দেক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টাইগারদের সাম্প্রতিক ফর্মটা এমনিতেই দৃষ্টিকটু। তার উপর দেরাদুনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে আফগানদের বিপক্ষে টানা চার হারের লজ্জার এক রেকর্ডে নাম লিখিয়েছিলেন টাইগাররা। আর এই লজ্জা ক্রিকেটার ও বাংলাদেশী ভক্তরা মোটেও ভালোভাবে নেয় নি। তাইতো নিস্তব্ধ এক আগুনে দগ্ধ হচ্ছিলেন তারা।

টানা চার হারের এই লজ্জার পর অবশেষে এলো স্বস্তির এক জয়। গতকাল (২১ সেপ্টেম্বর) ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের নিজেদের ৪র্থ ম্যাচে আফগানদের ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

‘ওভাই ট্রফি’র’ জন্য ২৪ সেপ্টেম্বর লড়াইয়ে নামবে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ-আফগানিস্তান। আর এ ফাইনালে লড়াইয়ের আগে নিজেদেরই এগিয়ে রাখলেন মোসাদ্দেক।

এ প্রসঙ্গে মোসাদ্দেক সৈকত জানান, “জয় সবসময়ই আত্মবিশ্বাস জোগায়। আর আমরা একটা মোমেন্টাম পেয়েছি। আগেই বলেছিলাম, ওদের সঙ্গে ক্যালকুলেটিভ খেলতে হবে। আর সেটা আমরা করতে পেরেছি। আশা করি, ফাইনালেও এটি ধরে রাখতে পারবো।”

যদিও ফাইনাল অন্য ম্যাচগুলোর চেয়ে কঠিন হবে, “যদি আপনি পাঁচটা ম্যাচ ধরেও জিততে থাকেন তবু ফাইনাল কিন্তু ফাইনালই। ফাইনালে যেকোনো কিছুই হতে পারে। এদিক থেকে আমরা একটু আত্মবিশ্বাসী যে, আমরা একটা ম্যাচ বেশি জিতেছি। আমরা যে প্রক্রিয়ায় খেলে যাচ্ছি আমাদের সেখানেই থাকা উচিত।”

মোসাদ্দেক আরো যোগ করেন, “ফাইনালের আগে এমন একটা ম্যাচ জেতা খুব দরকার ছিলো। তবে জিতেছি বলে আকাশে উড়ছি না, আবার হেরে গেলেও মাটিতে পড়ে যেতাম না। শেষ দুটি ম্যাচে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। এভাবে ফাইনালেও খেলতে পারলে ট্রফি জেতা কঠিন কিছু না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »