ফাইনালে অনিশ্চিত রশিদ খান!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে অনিশ্চিত রশিদ খান। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া আফগান অধিনায়ক বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবেন কি না, তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন আফগানিস্তান দলের ম্যানেজার নাজিম জার আব্দুর রহিম জাই।

যদিও আজ রবিবার ও আগামীকাল সোমবার রশিদ খানকে পর্যবেক্ষণে রাখবে আফগান টিম ম্যানেজম্যান্ট। এমনকি অপেক্ষা করবে ম্যাচের দিন (মঙ্গলবার) শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু দলীয় সূত্রমতে, রশিদের ফাইনাল খেলার সম্ভাবনা ক্ষীণ।

রশিদ খান সম্পর্কে আফগান দলের ম্যানেজার নাজিম জার আব্দুর রহিম জাই বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারছি না ও (রশিদ) ফাইনালে থাকবে কি না। আপাতত সে ভালো আছে। তাকে সুস্থ করে তুলতে দুই বা তিন দিন পাচ্ছি আমরা। আমাদের প্রার্থনা থাকবে, তার চোট যেন গুরুতর না হয়। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখব। শেষ সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত আমরা তার জন্য অপেক্ষা করব।’

শনিবার বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের ইনিংসের অষ্টম ওভারে রান থামাতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন রশিদ খান। টিম ফিজিওর সঙ্গে দ্রুত মাঠ ছাড়েন আফগান অধিনায়ক। তিন ওভার পর চোট নিয়েই মাঠে ফেরেন রশিদ খান।

মাঠে ফিরে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বোলিংয়ের পরও প্রথম ওভারেই মাহমুদউল্লাহকে এলবিডব্লিউ করান। এক ওভার পর বিদায় করেন আফিফ হোসেনকেও। যদিও নিজের তৃতীয় ওভারে ১৮ রান খরচ করেন তিনি।

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছিল আফগানিস্তান। তবে শেষ দুই ম্যাচে হারে জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে। আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল। দেখার বিষয় বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে রশিদ খান খেলেন কি না!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »