নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিবের ব্যাটে চড়ে ৫ বছর হল আফগান বধ। কিন্তু বিশ্বকাপ থেকে ব্যর্থতা নিয়ে ফিরে আশা বাংলাদেশ আটকা পড়েছিল আফগানিস্তান জুজুতে। চট্টগ্রাম টেস্টে টিম টাইগার্স হেরেছে লজ্জাজনকভাবে, টি২০ সিরিজের প্রথম দেখাতেও হেরেছে বাংলাদেশ। আর প্রতিবারই বাংলাদেশের এমন পরাজয়ে সব চেয়ে বড় ভূমিকা পালন করেছেন আফগান দলপতি রাশিদ খান।
রাশিদ,নবী,মুজিবদের সামলাতে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ শিবির। গতকাল নিয়মরক্ষার ম্যাচে আফগানদের সহজেই হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই বললেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আরো জানালেন রাশিদ খানকে নিয়ে বাড়তি কোনো পরিকল্পনা ছিল না তাদের।
ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন রাশিদ। তাই বল করতে পারেন নি শুরুর দিকটায়। অনেক সময় ছিলেন মাঠের বাইরে। পরে মাঠে এসে বল হাতে নিয়ে আবারো বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিলেন রাশিদ। আগের ম্যাচের নায়ক মাহমুদুল্লাহ আর আফিফকে ফিরিয়ে ১৩৮ রানের পুঁজিতেই ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে আফগানিস্তান। কিন্তু এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা সাকিবের ব্যাটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রথম ২ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেওয়া রাশিদের তৃতীয় ওভারে সাকিব নেন ১৮ রান। সাকিবকে ওপর প্রান্ত থেকে যোগ্য সাপোর্ট দেন মোসাদ্দেক সৈকত। সাকিব ৭০ আর মোসাদ্দেক ১৯ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে ৪ উইকেটের জয় এনে দেন।
রাশিদের চোট বাংলাদেশের জন্য মঙ্গলজনক ছিল এমন প্রশ্নে মোসাদ্দেক জানালেন ভিন্নমত। মোসাদ্দেক বলেন, ‘ রাশিদের ভয়ে ছিলাম এমন কিছু কখনোই বলিনি আমরা। ভয়ের কিছু আছে বলেও মনে করিনা আমি। এটা ঠিক যে চোটে না পড়লে হয়তো আরেকটু ভালো বল করতো। কিন্তু আমাদের তখন ঝুঁকি নিতেই হত আর আমি আর সাকিব ভাই সেটাই ভাবছিলাম। ও চোটে ছিল কিনা সেটা আমাদের নজরেই আসেনি যদিও।’
