বাবা-ছেলে একই দলে, বিপিএলের মঞ্চে নোয়াখালীর বড় বাজি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিপিএল শুরুর ঠিক আগে বড়সড় চমক দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর পর এবার তার ছেলে হাসান ইসাখিলকেও দলে টেনে নিয়েছে দলটি। বাবা-ছেলের একই দলে খেলার বিরল দৃশ্য দেখার অপেক্ষায় এখন বিপিএলপ্রেমীরা।

মোহাম্মদ নবীর নোয়াখালীতে যোগ দেওয়া আগেই নিশ্চিত ছিল। তবে তার সঙ্গে ছেলেকেও স্কোয়াডে যুক্ত করে দলটি যে বাড়তি আলোচনার জন্ম দেবে, তা হয়তো কেউ ভাবেনি। নেতৃত্ব প্রসঙ্গেও গুঞ্জন আছে—নবী কি নোয়াখালীর অধিনায়ক হবেন? সিদ্ধান্ত যাই হোক, একই জার্সিতে বাবা-ছেলের মাঠে নামা বিপিএলের ইতিহাসে আলাদা মাত্রা যোগ করবে।
হাসান ইসাখিল এখনো আফগানিস্তানের জাতীয় দলে অভিষেক না করলেও বয়সভিত্তিক ক্রিকেটে নিয়মিত পারফরমার। ওপেনিং ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতোমধ্যে নজর কাড়ার মতো পরিসংখ্যান গড়েছেন তিনি। ৩০ ম্যাচে ৭৩৪ রান, সঙ্গে ছয়টি ফিফটি—যা তরুণ এই ব্যাটারের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
নোয়াখালীর স্কোয়াডে আফগান ছোঁয়া এখানেই শেষ নয়। সরাসরি চুক্তিতে সেদিকউল্লাহ আতালকে দলে নেওয়ার পাশাপাশি মোহাম্মদ নবীর সঙ্গে যুক্ত হয়েছেন বিলাল সামিও। অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে দলটি যে ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়তে চাইছে, সেটাই স্পষ্ট।
সব অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী দিনেই মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। সন্ধ্যা পৌনে আটটায় শুরু হওয়া ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। নতুন দল হলেও আলোচনায় অনেক এগিয়ে নোয়াখালী—এবার মাঠের পারফরম্যান্সে সেই আলোচনার ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না, সেটাই দেখার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »