নারী ক্রিকেটারদের পক্ষে জোরালো বার্তা দিলেন ক্রীড়া সংগঠক সাব্বির আহমেদ রুবেল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রীড়াঙ্গণে চলমান যৌন হয়রানির অভিযোগগুলো নিয়ে ক্ষোভ আরও তীব্র হচ্ছে। অভিযোগকারীদের বক্তব্য, তদন্ত কমিটি গঠন হলেও তা কার্যকরভাবে কাজ করছে না; বরং অভিযুক্তদের অনেকেই আগের মতোই দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে আয়োজিত মানববন্ধনে, যেখানে বিভিন্ন ইভেন্টের নারী ক্রীড়াবিদ থেকে শুরু করে সংগঠকরাও এক কাতারে দাঁড়িয়ে দ্রুত বিচারের জোর দাবি জানান।

মানববন্ধনে ক্রিকেট সংগঠক সাব্বির আহমেদ রুবেল জানান, বিসিবির একজন পরিচালকের নাম অভিযোগে উঠলেও তিনি এখনো আগের মতো সব দায়িত্ব পালন করছেন। তাঁর দাবি, তদন্ত রিপোর্ট প্রকাশের আগ পর্যন্ত অন্তত ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে রাখা উচিত

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুন্নাহার ডানা বলেন, ভুক্তভোগীরা যখন সরাসরি নাম প্রকাশ করে অভিযোগ তোলেন, তখন আর আলাদা তদন্তের দরকার নেই—অভিযুক্তদের বিরুদ্ধে তৎক্ষণিক ব্যবস্থা নিতেই হবে। তাঁর বক্তব্য, “কোনো মেয়ে নিজে নির্যাতনের শিকার না হলে এমন অভিযোগ আনে না।”

শুটার তাসমিয়াতি এমা আরও সরাসরি অভিযোগ তোলেন শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক জি এম হায়দারের বিরুদ্ধে, দাবি করেন—যার বিরুদ্ধে এমন অভিযোগ আছে, তাকে অবিলম্বে বহিষ্কার করা উচিত, কারণ “তার আশেপাশে কোনো মেয়েই নিরাপদ নয়।”

একই সুর শোনা যায় শারমিন আক্তার রত্নার কণ্ঠেও। তিনি বলেন, অভিযুক্তরা যেহেতু এখনো পদে বহাল আছেন, তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা থেকেই যাচ্ছে। তদন্ত দীর্ঘায়িত হচ্ছে কেন—এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাবেক শ্যুটার সাবরিনা সুলতানা, ভলিবল খেলোয়াড় নাসিমা চৌধুরী শিরীন, শুটার শারমিন শিল্পা, সংগঠক জিয়াউর রহমান তপু, তাবারাকুল ইসলাম আরিফসহ অনেকে। সবাই একটাই দাবি—অভিযুক্তদের অপসারণ ও দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে ক্রীড়াঙ্গণ নারীদের জন্য আরও অনিরাপদ হয়ে উঠবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »