বিপিএলের হোস্ট হিসেবে পাকিস্তানি সুন্দরী জয়নব আব্বাসকে চায় বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরকে ঘিরে জমে উঠেছে নানা প্রস্তুতি, আর সেই প্রস্তুতির কেন্দ্রেই উঠে এসেছে এক চমক। এবার বিপিএলের হোস্ট হিসেবে পাকিস্তানি জনপ্রিয় স্পোর্টস প্রেজেন্টার জয়নব আব্বাসকে আনার বিষয়ে আলোচনা করছে বিসিবি। স্টাইল, ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক ক্রিকেটে উপস্থিতির কারণে তিনি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এদিকে ২৩ নভেম্বর হওয়ার কথা থাকলেও বিপিএলের নিলাম পিছিয়ে নেওয়া হয়েছে। নতুন তারিখ ঠিক করা হয়েছে ৩০ নভেম্বর, স্থান পরিবর্তন করে রাখা হয়েছে হোটেল রেডিসন ব্লুতে। নিলাম পেছানোয় স্বভাবতই টুর্নামেন্ট শুরুর তারিখ নিয়ে শুরু হয়েছিল অনিশ্চয়তা, তবে সর্বশেষ গুঞ্জনে শোনা যাচ্ছে— ২৬ ডিসেম্বরই পর্দা উঠতে পারে বিপিএলের নতুন আসরের।

এবার উদ্বোধনী পর্ব নিয়েও নতুন ভাবনা। দীর্ঘদিন ঢাকায় পর্দা উঠলেও, চট্টগ্রাম বা সিলেটে প্রথম পর্ব আয়োজনের দিকেই ঝুঁকছে বিসিবি। এর মধ্যে সিলেট সামান্য এগিয়ে আছে, এমনটাই জানিয়েছে বিসিবির একটি ঘরোয়া সূত্র।

এর পাশাপাশি দল সংখ্যা নিয়েও এসেছে পরিবর্তন। সর্বশেষ সিদ্ধান্তে নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন দল যুক্ত হচ্ছে বিপিএলে। আগে নির্ধারিত পাঁচ দলের সঙ্গে যুক্ত হয়ে এবার ছয় দল নিয়ে হবে টুর্নামেন্ট। নিলামের আগে প্রতিটি দল পাচ্ছে দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ।

এখনো কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি জমা না দিলেও বিসিবি অতিরিক্ত সময় দিয়েছে ১৮ নভেম্বর পর্যন্ত।

এবার বিপিএলে থাকছে—

রংপুর রাইডার্স

ঢাকা ক্যাপিটালস

সিলেট টাইটান্স

চট্টগ্রাম রয়্যালস

রাজশাহী ওয়ারিয়র্স

নোয়াখালী এক্সপ্রেস

দলগুলো ইতোমধ্যে সরাসরি চুক্তিতে যারা নিচ্ছে—
ঢাকায় তাসকিন-সাইফ, রাজশাহীতে শান্ত-তানজিদ, সিলেটে নাসুম-মিরাজ, রংপুরে সোহান-মুস্তাফিজ এবং চট্টগ্রামে তানভির-শেখ মেহেদী।

সব মিলিয়ে বিপিএলের নতুন আসরকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। আর তার মাঝেই পাকিস্তানি তারকা জয়নব আব্বাসকে হোস্ট করার আলোচনা টুর্নামেন্টকে দিচ্ছে আরও এক আন্তর্জাতিক মাত্রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »