ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পুরস্কার পেলেন রিশাদ— এক লাফে ৮৭ ধাপ এগিয়ে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারটা এবার র‍্যাঙ্কিংয়েই পেলেন রিশাদ হোসেন। ব্যাটে-বলে আলো ছড়ানো এই তরুণ লেগ স্পিনার আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৮৭ ধাপ এগিয়েছেন অলরাউন্ডারদের তালিকায়, আর বোলারদের তালিকায় উঠেছেন ৬৫ ধাপ উপরে।

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩ বলে ২৬ রান করার পর বল হাতে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারসেরা ৬ উইকেট। দ্বিতীয় ম্যাচেও তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৩৯ রানের ঝড়, সঙ্গে ৩টি উইকেট। এমন ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই ১২৪ নম্বর থেকে উঠে এখন তিনি ৩৭ নম্বরে। রেটিং পয়েন্টও বেড়ে দাঁড়িয়েছে ১৫১।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, তবে বাংলাদেশের পক্ষ থেকে উন্নতি করেছেন দলনেতা মেহেদী হাসান মিরাজও। তিনি এক ধাপ এগিয়ে ৪ নম্বরে, রেটিং ২৭৩।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও সুখবর আছে। প্রথম ওয়ানডেতে ৯০ বলে ৫১ রান করা তাওহিদ হৃদয় ৭ ধাপ এগিয়ে এখন ৩৫ নম্বরে। শান্ত আছেন ৪৩ নম্বরে, আর ২ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে উঠেছেন মিরাজ। দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফেরা সৌম্য সরকারও পেয়েছেন উন্নতি— ৫ ধাপ এগিয়ে এখন তিনি ৮৬ নম্বরে। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন ভারতের শুবমান গিল।

বোলিং র‍্যাঙ্কিংয়েও নিজের ক্যারিয়ারসেরা অবস্থানে রিশাদ। দুই ম্যাচে ৯ উইকেট নিয়ে ৬৫ ধাপ লাফিয়ে উঠে এখন তিনি ৬৬ নম্বরে, রেটিং ৪৩০— যা তার ক্যারিয়ারসেরা। মিরাজও পিছিয়ে নেই, ৬ ধাপ এগিয়ে এখন ১৮ নম্বরে, বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার উপরে। তাসকিন ৩৮ নম্বরে, মোস্তাফিজ রয়েছেন ৫৬ নম্বরে।

বোলিং র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে অবস্থান করছেন আফগানিস্তানের রশিদ খান।

রিশাদের এই অগ্রগতি যেন বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার নতুন গল্প— পরিশ্রমের ফল কতটা মিষ্টি হতে পারে, সেটিই যেন আবার প্রমাণ করলেন এই লেগ স্পিনার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »