নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কিশোর মোহাম্মদ আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে লাবণী পয়েন্টের সমিতি পাড়া সংলগ্ন সৈকতে ভেসে ওঠে তার দেহ।
আহনাফ (১৭) বগুড়ার শরিফুল ইসলামের ছেলে এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বড় ভাইয়ের শ্যালিকার সন্তান। এ বছর তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
রবিবার বিকেলে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন আহনাফ। এ সময় তিনজন পানির স্রোতে ভেসে গেলে লাইফগার্ড টিমের দ্রুত তৎপরতায় দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়, তবে নিখোঁজ ছিলেন আহনাফ। দিনভর চেষ্টা চালিয়ে অবশেষে সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও লাইফগার্ডের সমন্বিত টিম।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দিন-রাত অভিযান চালানো হয়। সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, উদ্ধারকাজে বোটসহ সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত তাকে জীবিত ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
স্থানীয় বিচকর্মী সুপারভাইজার মাহবুব আলম জানান, সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন যে সেটি আহনাফের দেহ।
রবিবার রাতে মুশফিকুর রহিম বলেন, “আমরা অনেক চেষ্টা করেছি। ডিসি ও প্রশাসন সবাই সহযোগিতা করেছেন। শেষ পর্যন্ত সবকিছুই আল্লাহর ইচ্ছা।”
উল্লেখযোগ্য যে, গত এক বছরে কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্যটক, আর লাইফগার্ড টিম উদ্ধার করেছে ৭৮ জনকে।
