রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিলো ইংল্যান্ড, লজ্জার রেকর্ড প্রোটিয়াদের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে নতুন এক রেকর্ড গড়ল ইংল্যান্ড। সাউদ্যাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা দক্ষিণ আফ্রিকাকে হারাল বিশাল ৩৪২ রানে—যা ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়। ইংল্যান্ডের ঝড়ো ব্যাটিং আর জফরা আর্চারের আগুনঝরা বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে প্রোটিয়ারা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ইংলিশ ব্যাটাররা রীতিমতো রানের উৎসব করেন। জ্যাকব বেথেল তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (৮২ বলে ১১০), অভিজ্ঞ জো রুট খেলেন নির্ভরযোগ্য ইনিংস (১০০), আর অধিনায়ক জস বাটলার অপরাজিত থাকেন ৬২ রানে। ওপেনার জেমি স্মিথও ৬২ রানের ঝলক দেখান। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪১৪ রান, যা তাদের ওয়ানডে ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ দলীয় স্কোর।

জবাবে ব্যাট হাতে নেমেই ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। আর্চারের গতির ঝড় সামলাতে না পেরে প্রোটিয়ারা অলআউট হয় মাত্র ৭২ রানে, খেলা শেষ হয়ে যায় ২১তম ওভারের আগেই। আর্চার একাই শিকার করেন ৪ উইকেট, সঙ্গে আদিল রশিদ নেন ৩টি।

এই লজ্জাজনক হারে দক্ষিণ আফ্রিকা লিখল অনাকাঙ্ক্ষিত রেকর্ড। এতদিন ওয়ানডের সবচেয়ে বড় ব্যবধানের জয় ছিল ২০২৩ সালে ভারতের শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারানো। এবার সেই রেকর্ড ভাঙল ইংল্যান্ড।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল স্বাগতিকদের। তবে শেষ ম্যাচে রেকর্ড গড়া জয় নিয়ে তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াল। আগামী বুধবার শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে প্রতিশোধের মঞ্চ পাবে দক্ষিণ আফ্রিকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »