নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। বাজৌর জেলার খার তহসিলের কাওসার ক্রিকেট গ্রাউন্ডে শনিবারের এ হামলায় অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।
পুলিশ জানায়, মাঠে পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরিত হয়। বাজৌরের পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানান, এটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলা বলে তাদের ধারণা। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।
সম্প্রতি ওই অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সারবাকাফ’ চালিয়েছে নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষের শঙ্কা, এর প্রতিশোধ হিসেবেই সন্ত্রাসীরা এই হামলা চালিয়ে থাকতে পারে। গত সপ্তাহেও প্রদেশটিতে সংঘাতে এক সন্ত্রাসী ও এক পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।
উত্তর-পশ্চিম পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। নিরাপত্তা বাহিনী কঠোর অভিযান পরিচালনা করলেও স্থানীয় জনসাধারণ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। ক্রিকেট মাঠে এ ধরনের হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
