নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় বোর্ড।
এই কমিশনের নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। তাঁর সঙ্গে কমিশনার হিসেবে রয়েছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক, যিনি যুগ্ম সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।
বিসিবি জানিয়েছে, নির্বাচন কমিশনের ওপরই থাকবে পুরো নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা ও সমাপ্ত করার দায়িত্ব। কমিশন শিগগিরই ভোটগ্রহণের তারিখ ঘোষণা করবে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিত বোর্ড সভার পর জানানো হয়েছিল, অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন।
