নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে নেদারল্যান্ডস সিরিজকে। সেই লক্ষ্যেই আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক লিটন দাস।
প্রথম ম্যাচে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং আর ব্যাট হাতে লিটনের নৈপুণ্যে সহজেই জয় পেয়েছিল বাংলাদেশ। সেই জয়েই ১-০ ব্যবধানে এগিয়ে আছে লাল-সবুজের দল। আজকের ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।
এদিন দলে এসেছে দুই পরিবর্তন। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ফিরেছেন রিশাদ হোসেনের বদলে। আর তরুণ পেসার তানজিম হাসান সাকিব জায়গা পেয়েছেন শরিফুল ইসলামের পরিবর্তে।
এশিয়া কাপের আগে ডাচদের বিপক্ষে এই সিরিজ জয় বাংলাদেশের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে বলে আশা করছেন ক্রিকেটভক্তরা।
