এশিয়া কাপে বাবর না থাকায় মুখ ভার ওয়াসিম আকরামের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর। ইতিমধ্যেই পাকিস্তান দল ঘোষণা করেছে, কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজমের নাম সেখানে নেই। এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের অ্যাওয়ে সিরিজের পর থেকেই বাবর এ ফরম্যাটে উপেক্ষিত হচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার এশিয়া কাপের স্কোয়াডেও তার সুযোগ হয়নি। আকরাম বিষয়টি ব্যক্তিগতভাবে আফসোসের বলে উল্লেখ করেছেন, তবে একই সঙ্গে তিনি মনে করেন, স্কোয়াডে থাকা তরুণ ক্রিকেটারদের জন্য এটি নিজেদের দক্ষতা প্রদর্শনের একটি বড় সুযোগ।

একটি সাক্ষাৎকারে আকরাম বলেন, “ব্যক্তিগতভাবে আমি চাইতাম বাবর আজমকে দলে দেখতে। তবে যেহেতু সে নির্বাচিত হয়নি, এখন দায়িত্ব ওই স্কোয়াডের ক্রিকেটারদেরই। এশিয়া কাপ ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ একটি আসর হবে।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, পাকিস্তান ও ভারতের মধ্যে আবার টেস্ট ম্যাচ চালু হবে। আকরাম বলেন, “এশিয়া কাপ সারা বিশ্বের ভক্তদের জন্য উৎসব হবে। ভারত ও পাকিস্তান যেন আবার টেস্ট সিরিজ খেলতে শুরু করে। অনেক দিন হয়ে গেছে, এটি ভক্তদের জন্য এক ঐতিহাসিক আয়োজন হবে।”

বর্তমানে পাকিস্তান দল দুবাইয়ে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শিবিরে অংশ নিচ্ছে। এই সিরিজ ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর শেষ হবে। একদিন পরেই শুরু হবে এশিয়া কাপ।

পাকিস্তান স্কোয়াড (ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপ ২০২৫):
সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »