নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রাহুল দ্রাবিড় বিদায় নেওয়ার পর ভারতের প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন গৌতম গম্ভীর। তার অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত, তবে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের কারণে সমালোচনা কম হয়নি। চুক্তি অনুযায়ী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। কিন্তু এরপর কে হবেন ভারতের নতুন কোচ—এ প্রশ্নে এবার নতুন আলোচনার জন্ম দিলেন চেতেশ্বর পুজারা।
ভারতের হয়ে ১০৩ টেস্ট খেলা সাবেক এই ব্যাটসম্যান মনে করেন, অবসর নেওয়া অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনই হতে পারেন দেশের পরবর্তী প্রধান কোচ। ক্রিকইনফোর এক অনুষ্ঠানে তিনি বলেন, “অশ্বিনের ক্রিকেট সম্পর্কে দারুণ জ্ঞান আছে। খেলার পরিস্থিতি খুব দ্রুত বোঝে, পরিকল্পনা করার ক্ষমতাও অসাধারণ। ভালো কোচ হওয়ার জন্য যা যা দরকার, সবই ওর মধ্যে আছে।”
অশ্বিনের আন্তর্জাতিক ক্যারিয়ারও সমৃদ্ধ। ভারতের হয়ে ১০৬ টেস্ট, ১১৬ ওয়ানডে ও ৬৫ টি–টোয়েন্টি খেলেছেন তিনি। ৭৬৫ উইকেট নিয়ে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক সফল বোলার। শুধু বলেই নয়, ব্যাট হাতেও করেছেন পাঁচটি টেস্ট সেঞ্চুরি।
খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট থেকে দূরে সরে যাননি অশ্বিন। নিজস্ব ইউটিউব চ্যানেলে নিয়মিত ম্যাচ বিশ্লেষণ করেন, যেখানে তার কৌশলগত দৃষ্টিভঙ্গি ও নতুনত্বের চেষ্টা স্পষ্ট। ঠিক এই কারণেই পুজারার বিশ্বাস, ভারতের ভবিষ্যৎ কোচ হিসেবে অশ্বিন হতে পারেন আদর্শ নাম।
