নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবশেষে থমকে গেল বিশ্বকাপের স্বপ্ন বুনতে থাকা টাইগ্রেসদের জয়ের ধারা। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিতের অপেক্ষা বাড়ল নিগার সুলতানাদের। এখন শেষ ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর
লাহোরের মেঘহিন আকাশ, মাঠে ছিল প্রত্যাশার ঝলক। জয় মানেই বিশ্বকাপ নিশ্চিত—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল। কিন্তু সবকিছু ঠিকঠাক চললেও, শেষ হাসি হাসল না নিগার সুলতানা জ্যোতির দল। নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ৩ উইকেটে হারতে হলো টাইগ্রেসদের। ফলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে এখন তাকিয়ে থাকতে হবে নিজেদের শেষ ম্যাচের দিকে।
টস জিতে আগে ব্যাটিং-এ নেমে বাংলাদেশ পায় ২২৭ রানের লড়াকু পুঁজি। ইনিংসের শুরুটা খুব একটা ভালো না হলেও, শারমিন আক্তারের ৬৭ রানের ধৈর্যশীল ইনিংসে রানের চাকা সচল রাখে টাইগ্রেসরা। সঙ্গে মুমতাহিনা হুমায়রা, নিগার সুলতানা ও রিতু মনির গুরুত্বপূর্ণ অবদান বাংলাদেশকে পৌঁছে দেয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহে।
২২৭ রানের পুঁজি ডিফেন্ড করতে নামার পর থেকেই চাপে পড়ে যায় বাংলাদেশের বোলাররা। ওপেনিংয়ে জায়দা জেমসকে হারালেও কিয়ানা জোসেফের ৩১ রানের ইনিংসে শক্ত ভিত পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ক্যাম্পবেল, ম্যাথিউস আর টেইলরের ধারাবাহিক অবদানে দিশেহারা টাইগ্রেসরা খুঁজতে থাকে ব্রেকথ্রুর পথ।
সে পথ তৈরি হয় ইনিংসের মাঝপথে। প্রথমে ফাহিমা খাতুনের লেগ বিফোরে ক্যাম্পবেল ফেরেন। তারপর একে একে আঘাত হানেন রাবেয়া ও মারুফা। মারুফা আক্তারের টানা দুই ওভারে ম্যাথিউস ও টেইলরকে ফেরানোয় ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ শিবির।
কিন্তু ছিহনেল হেনরির ৪৮ বলে গড়া ৫১ রানের অপরাজিত ইনিংসে আবারও ম্যাচের রাশ চলে যায় ক্যারিবিয়ানদের হাতে। শেষদিকে ৪৬তম ওভারেই ম্যাচ নিজেদের করে নেয় উইন্ডিজ।
এই হারের ফলে বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচ শেষে তিন জয় ও এক হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে ব্যর্থ হলো টাইগ্রেসরা। এখন নিজেদের শেষ ম্যাচটি জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে নিগারদের।
আরএ/নিউজক্রিকেট২৪
