নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সবকিছু ঠিকঠাক থাকলে আইপিএলের ২০২৫ সালের আসরের জন্য তৃতীয়বারের মতো আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে দুবার অনুষ্ঠিত হয়েছিল এই নিলাম। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সূত্রে জানা যায়, চলতি বছরের নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে বসবে মেগা নিলামের আসর।
মেগা নিলামের আগে বেশ কয়েকটি নিয়মেও পরিবর্তন আনার ব্যাপারে আলোচনা করেছিল লিগ কতৃপক্ষ। দলগুলো কতজন ক্রিকেটার রিটেইন করতে পারবে তা নিয়েও স্পষ্ট কিছু জানায়নি আইপিএল কতৃপক্ষ। মেগা নিলাম দিয়ে দলগুলো নিজের ঢেলে সাজানোর পরিকল্পনা করছে। আইপিএলের ড্রাফট কোথায় হবে তা নিয়েও চলছে জল্পনা কল্পনা।
সবশেষ আইপিএলের নিলাম আয়োজিত হয় দুবাইয়ে। এবারও দেশের বাইরেই আইপিএলের নিলাম আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। দোহা বা আবু-ধাবির মতো শহর আছে বিবেচনার তালিকায়।
তবে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে আইপিএলের নিলাম আয়োজনে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। সম্প্রতি সৌদি আরব ক্রীড়াক্ষেত্রে বিপুল বিনিয়োগ শুরু করেছে। এরই অংশ হিসেবে আইপিএলের নিলামের অংশীদার হতে চায় তারা।
