দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
জ্যাক জাকির, স্থায়ীভাবে বসবাস করছেন ইংল্যান্ডের ওল্ডহাম সিটিতে। কিন্তু বেড়ে ওঠা বাংলাদেশের লন্ডনখ্যাত সিলেটে। ইংল্যান্ডে বসবাস করলেও জ্যাক জাকিরের মনটা পড়ে থাকে বাংলাদেশে তথা নসির আলী ক্রিকেট ক্লাবে।
বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটে বড় এক নাম নসির আলী ক্রিকেট ক্লাব। সিলেটের ঝিগলি ছাতকের এই দলটা টেপ টেনিস ক্রিকেটে দাপিয়ে বেড়ায় পুরো বাংলাদেশ। সিলেট বিভাগ তথা বাংলাদেশের বড় বড় টেপ টেনিস ক্রিকেটের মেগাস্টারদের মাঠ মাতাতে দেখা যায় এই ক্লাবের জার্সি গায়ে। তবে এ সবকিছুর পেছনে যে মানুষটা নিজেকে উজাড় করে দিচ্ছেন তিনি জ্যাক জাকির।

ইংল্যান্ডে বসে নিয়মিত নিজের ক্লাবের ক্রিকেটারদের সুযোগ করে দিচ্ছেন বড় বড় টুর্নামেন্ট খেলার। পুরো দলের দায়ভারটা টানছেন জ্যাক জাকির একা হাতে। তার হাত ধরেই জন্ম হচ্ছে টেপ টেনিস ক্রিকেটের নতুন নতুন তারকাদের।
জ্যাক জাকির নিজেও একজন প্রফেশনাল ক্রিকেটার। ইংল্যান্ডে খেলে থাকেন ক্রিকেট বলের বড় বড় টুর্নামেন্ট। জাকিরের ক্রিকেটের প্রতি এমন ভালোবাসার বহিঃপ্রকাশই নসির আলী ক্রিকেট ক্লাব। নিজের শত ব্যস্ততা উপেক্ষা করেও দেশের বাইরে থেকে ফেসবুক লাইভে উপভোগ করেন নিজের ক্লাবের খেলা।

জ্যাক জাকির
গতকাল ৭ ফেব্রুয়ারি সিলেট বিভাগের জগন্নাথপুর উপজেলার অলইতলি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় নসির আলী ক্রিকেট ক্লাব। এছাড়া ১৩ ফেব্রুয়ারি দিরাই উপজেলার ডুংরিয়াতে আরো একটা টুর্নামেন্টের সেমিফাইনাল খেলবে সিলেটের ঐতিহ্যবাহী এ দলটি।
জ্যাক জাকির একজন পুরোদস্তুর ক্রিকেট সংগঠক। নিজে যেমন ক্রিকেট খেলেন তেমনি নিজের ক্লাবের বাইরেও সারা বাংলাদেশের অনেক ছোট-বড় ক্রিকেট ক্লাবকে আর্থিকভাবে সাহায্য করে আসছেন তিনি। মোট কথা কখনোই কাউকে নিরাশ করেননি বরং নিজের সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করে যান। তার মত এমন ক্রিকেট সংগঠকরা আছেন বলেই বাংলাদেশে টেপ টেনিস ক্রিকেটের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলছে।
