দুর্জয় দাশ গুপ্ত »
বাংলাদেশ ক্রিকেটে যেন এক বড় অসুখ হয়েছে। নাম না জানা এক অসুখ। এ অসুখের সঠিক ট্রিটমেন্টও হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের জানা নেই। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স বারবার এসবের জানান দেয়। মাঠ এবং মাঠের বাইরে, দুটো জায়গায়ই টিম টাইগার্সের অবস্থা নাজেহাল।
ভারত বিশ্বকাপকে ঘিরে যে বাংলার ছিলো বড় স্বপ্ন, অধরা বিশ্বকাপ ছুঁয়ে দেখার ক্ষুধা, সবই এখন হয়েছে মলিন। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করার পর পরের দুটো ম্যাচে অসহায় আত্মসমর্পণ। ব্যাট কিংবা বল, দুটো জায়গায়ই টিম টাইগার্সের পারফরম্যান্স ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছে। তবে সাবেকদের মধ্যে কেউ কেউ এর দায় পুরোটাই দিচ্ছেন মিডিয়াকে। কিন্তু মাঠের পারফরম্যান্স খারাপ হওয়ার পেছনে আসলেই কি মিডিয়ার দায় রয়েছে?
দিন দুয়েক আগেই পুনেতে বাংলাদেশি সাংবাদিকদের হোটেলের লবি থেকে সিকিউরিটি ডেকে বের করে দিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার লিটন কুমার দাস। যদিওবা তার প্রায় ২৪ ঘন্টা পরেই গণমাধ্যমের কাছে ক্ষমা চেয়েছেন লিটন। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমের সামনে কথা বলার কথা দিয়েও পরে আর সামনে আসেননি। বরং মিথ্যাচার করেছেন, তিনি দাবি করেছেন তিনি কথা বলবেন এমনটা বলেননি। সব মিলিয়ে হ য ব র ল অবস্থা। অথচ সবাই মিলে দায়টা চাপাতে চাচ্ছেন মিডিয়ার উপরে।
গণমাধ্যম বা মিডিয়া কর্মীদের কাজটা তারা ঠিকঠাক করছেন। দেশের মানুষকে সঠিক আর দ্রুত সংবাদ পাঠাতে দেশের প্রায় প্রতিটা মিডিয়া হাউজের মিডিয়া কর্মীরা ভারতে ছুটে গিয়েছেন। তাদের মনেও তো একটাই আশা বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে, দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে। কেউ কি নিজের দেশের খারাপ চাইবে? তবুও সাবেকরা বাংলাদেশের ভরাডুবির কারণ হিসেবে মিডিয়াকেই দাঁড় করাচ্ছেন।
আজ সকাল সকাল সাবেক ক্রিকেটার তাপস বৈশ্যের ফেসবুক স্ট্যাটাস খানিকটা অবাক করেছে। নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন, “ইলেকট্রনিক মিডিয়াই দায়ী ক্রিকেটারদের ভালো না খেলার জন্য।” এছাড়াও তিনি একজন নির্দিষ্ট সাংবাদিককে বিসিবির দায়িত্বে বসিয়ে দেওয়ার কথাও লিখেছেন।
আসলেই কি তাই? মিডিয়ার কাজ মিডিয়া করছে কিন্তু ক্রিকেটাররা কি পারছেন নিজেদের কাজটা ঠিকঠাক করতে?
চ্যানেল আইয়ের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরিফ চৌধুরী এ ব্যাপারে নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে বলেন, ‘এটা কোন ভাবেই হতে পারে না। আমি ঠিক জানি না তাপস দা (তাপস বৈশ্য) কেন এমনটা লিখেছেন। হয়তো মিডিয়ার উপর উনার কোন ক্ষোভ থাকতে পারে। মিডিয়া কখনোই দলের খারাপ চায় না বা এমন কোন কাজও করেনা। কেউ কেউ হয়তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোন নিউজ করতে পারে তাই বলে ইলেকট্রিক মিডিয়াকে এভাবে দোষারোপ করাটাকে আমি পজিটিভলি নিচ্ছি না। আমরা সবাই দেশের জন্যই কাজ করি। আমাদের সহকর্মীরা দেশের জন্য ভারতে ছুটে গিয়েছেন। তাই বলে দলের খারাপ পারফরম্যান্সের কারণ মিডিয়া হবে এমনটা আমি মানতে নারাজ।’

আরিফ চৌধুরী, চ্যানেল আই
আজ থেকে দশ বছর আগে আজকের মত দেশে এত বড় বড় মিডিয়া হাউজ ছিলো না, এত এত সংবাদকর্মীও ছিলেন না, তাহলে তখন কেন বাংলাদেশ বিশ্বকাপে ভালো করতে পারলো না? এমন প্রশ্নটা থেকেই যায়।
ক্রিকেটের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, যারা দেশের ক্রিকেটের হর্তাকর্তা তাদেরকেই এই সমস্যার সমাধান করতে হবে। সমস্যার সৃষ্টিটা যেমন তারা করেছেন সমাধানটাও তাদেরকেই খুঁজতে হবে।
