নিউজ ডেস্ক »
ভারত-পাকিস্তান মহারণ, বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্ডেজ ম্যাচ। শুরুটা জানান দিয়েছিলো আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আরো একটা ক্ল্যাসিক ম্যাচের। কিন্তু তাসের ঘরের মত ভেঙে পড়লো পাকিস্তানের মিডল অর্ডার। ১৫৫-২ থেকে ১৯১ রানে অলআউট পাকিস্তান।
ভালো শুরুর পর ৭৩ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার কাজ শুরু করেন পাকিস্তানের দুই মেগা স্টার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ৮২ রানের পার্টনারশিপ ভাঙে ১৫৫ রানে। ৫০ রান করা বাবর আজম আউট হলে এরপরই শুরু হয় ভারতীয় বোলারদের দাপুটে বোলিং। একে একে সাজঘরে ফিরে যান সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সাদাব খানরা। ৪৯ রান করা মোহাম্মদ রিজওয়ানও জাসপ্রিত বুমরার দারুণ এক ডেলিভারিতে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান। আর কোন পাকিস্তানি ব্যাটারই দাঁড়াতে পারেননি বুমরা, হার্দিক, সিরাজদের সামনে। মাত্র ৩৬ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ১৯১ রানে।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লাখের উপর ভারতীয় দর্শকদের সামনে নাস্তানাবুদ হলেন পাকিস্তানি ব্যাটাররা। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে নীরব ভূমিকায় ছিলেন পাকিস্তানি গোটা কয়েক সমর্থক। যেন কোন দুঃস্বপ্ন দেখছেন, এক একজন করে উইকেটে আসছেন আর মুহূর্তেই মধ্যেই ফিরে যাচ্ছেন।
ক্রিকেটভক্তরা হয়তো একটা ক্ল্যাসিক ব্যাটেল দেখার আসায় স্বপ্ন দেখতেই পারেন পাকিস্তানি বোলাররাও জ্বলে উঠবেন বুমরা-সিরাজদের মত। তবে এত কম রানের লক্ষ্যমাত্রায় পাকিস্তানি বোলারদের যে বড় পরীক্ষাই দিতে হবে।
