স্টাফ রিপোর্টার »
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক মারায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক।
এবারের আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা কার্তিক গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের ইনিংসের ১ম বলেই ০ রানে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ডাকের রেকর্ড নিজের করে নেন কার্তিক।
এবারের আসরে ৪টি ডাক সহ আইপিএল ইতিহাসে মোট ১৭ টি ডাকের মালিক এখন কার্তিক। এই দিনে কার্তিক পেছনে ফেলেছেন ১৬টি ডাকের অধিকারী তারই স্বদেশী রোহিত শর্মাকে।
এছাড়া ১৫টি ডাক নিয়ে যৌথভাবে ৩য় স্থান দখল করে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন এবং ভারতীয় মানদীপ সিং। এদিকে অস্ট্রেলিয়ান ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলও ১৪ টি ডাক নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন।
