নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যকার বিবাদ বর্তমানে ভারতীয় ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেছে। আচরণবিধি ভঙ্গের এ ঘটনায় দুজনকেই ম্যাচ ফির পুরো একশ শতাংশ জরিমানা করা হয়। তবে কোহলির জন্য এই শাস্তিও যথেষ্ট নয় বলে মনে করছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। কোহলির নির্বাসন দাবি গাভাস্কারের।
খেলা সম্প্রচারকারী চ্যানেলে গাভাস্কার বলেন, ‘ওদের ম্যাচ ফি-র ১০০ ভাগ কেটে নেওয়া হয়েছে। মানে বিরাট যে টাকা পায় তাতে ওর ১ কোটি টাকার মতো জরিমানা হয়েছে। সেটা অবশ্য অনেক বড় জরিমানা। গম্ভীরের কত জরিমানা হয়েছে সেটা আমি জানি না। কিন্তু শুধু জরিমানা করে এই ঘটনা থামিয়ে রাখা যাবে না।’
মাঠে প্রতিযোগিতা চলাকালীন কোনো ঘটনায় মাথা গরম হতে পারে বলে স্বীকার করছেন গাভাস্কার। কিন্তু তিনি মনে করেন, সেটা মাঠেই শেষ করে দেওয়া উচিত। খেলা শেষেও সেটা জিইয়ে রাখা উচিত নয়। কড়া শাস্তির ভয় না থাকায় ক্রিকেটাররা বারবার এই ভুল করছেন বলে মনে করছে গাভাস্কার, ‘বিসিসিআইকে নিশ্চিত করতে হবে এই ঘটনা যেন আর না ঘটে। তার জন্য কড়া শাস্তি দিতে হবে। খেলায় প্রতিযোগিতা থাকুক। কিন্তু সেটা শুধু খেলার মধ্যেই থাকুক। এই ধরনের ঘটনা উঠতি ক্রিকেটারদের বিপথে পাঠাতে পারে।’
একমাত্র নির্বাসনের শাস্তি দিলেই ক্রিকেটাররা ঝামেলায় জড়াবেন না বলে দাবী গাভাস্কারের। তিনি বলেন, ‘হারভজন-শ্রীশান্তের ঘটনার পর তো ওদের নির্বাসিত করা হয়েছিল। তাহলে এক্ষেত্রে কেন হবে না। নির্বাসনের শাস্তি দিলে যেমন ক্রিকেটাররাও সতর্ক হবে, তেমনই প্রতিটা দলও সজাগ থাকবে। বিসিসিআইকে কড়া পদক্ষেপ নিতে হবে। নইলে এ ধরনের ঘটনা চলতেই থাকবে।’
এস.আর/নিউজক্রিকেট২৪
