নাটকীয় ম্যাচে মোস্তাফিজের দিল্লির জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গুজরাট টাইটান্সের বিপক্ষে নাটকীয় ম্যাচে আবারও জয়ে ফিরেছে মোস্তাফিজুর রহমানের দল দিল্লী ক্যাপিটালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাটকে ৫ উইকেটে হারিয়েছে দিল্লি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে দিল্লী ক্যাপিটালস। জবাবে নেমে শেষ পর্যন্ত লড়েও ১২৫ রানে এসে থেমে যায় গুজরাট।

আগে ব্যাট করতে নেমে ২২ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে দিল্লি। এরপর দলের হাল ধরেন অক্ষর প্যাটেল ও আমান হাকিম খান। তারা গড়েন ৫০ রানের জুটি। তবে ২৭ রানে আউট হয়ে জুটি ভাঙেন অক্ষর। একপ্রান্তে লড়াই চালাতে থাকা আমানকে সঙ্গ দেন রিপাল প্যাটেল। এই জুটিও পার করে অর্ধশত রান। ৪১ বলে ফিফটি স্পর্শ করেন আমান। এরপর এক রান করার পরেই সাজঘরে ফেরেন তিনি। শেষ ওভারে এসে রিপালও উইকেট হারান। এর আগে খেলে যান ২৩ রানের ইনিংস।

গুজরাটের হয়ে পক্ষে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। জোড়া উইকেট পান মোহিত। একটি উইকেট শিকার করেন রশিদ খান।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি গুজরাট। দিল্লির মতো ৩২ রানে হারায় ৪ উইকেট তারা। এ অবস্থায় দলকে টেনে তোলেন হার্দিক পান্ডিয়া। একাই লড়াই করতে থাকেন তিনি। অপরপ্রান্তে সঙ্গ দেওয়া অভিনব মনোহর ২৬ রান করেই বিদায় নেন।

এরপর কিছুক্ষণ লড়াই করেন রাহুল তেওয়াতিয়াও। তিনিও ২০ রান করে বিদায় নেন। এভাবে লড়তে লড়তে পান্ডিয়া ৪৪ বলে ফিফটি করেন। শেষপর্যন্ত লড়েও অবশ্য দলকে জেতাতে পারেননি। ৫৩ বলে ৭ চারে ৫৯ রান করে অপরাজিত থাকেন গুজরাট অধিনায়ক।

দিল্লির হয়ে খলিল আহমেদ ও ইশান্ত শর্মা জোড়া উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন নরকিয়া ও কুলদীপ যাদব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »