নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটে এখন চলছে মধুর সমস্যা। কাকে রেখে কাকে খেলাবে টিম ম্যানেজমেন্ট সেটা হয়তো ঠিক করতে পারছে না। কিন্তু আসলেই কি তাই? নাকি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ঝালিয়ে নিতে চাচ্ছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এক সিরিজে তাইজুল তো পরেরটায় নাসুম। এভাবেই চলে আসছে গেল কয়েক সিরিজ ধরে। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের পরীক্ষিত সৈনিক তাইজুল ইসলাম সাদা বলের ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ পাননি। এত লম্বা ক্রিকেট ক্যারিয়ারে হাতেগোনা কয়েকবারই জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে পরিসংখ্যান বলছে তাইজুলকে পর্যাপ্ত সুযোগ ও সময় দিলে সাদা বলের ক্রিকেটেও তাইজুলের অনেক কিছু দেওয়ার ছিলো।
এদিকে ২০২২ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া নাসুমের শুরুটা হয়েছিলো স্বপ্নের মত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অভিষেক সিরিজেই বল হাতে করেছিলেন বাজিমাত। কম যাননি তাইজুলও। ঐ সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে নিজের অবস্থান শক্ত করেছিলেন এই বাঁহাতি স্পিনার।
তবুও দিনশেষে একটা প্রশ্ন থেকেই যায়, এভাবে একজন একজন করে যে একেক সিরিজে খেলানো হচ্ছে সেটা কি ক্রিকেটারদের মানসিকতা আর পারফরম্যান্সে প্রভাব ফেলে। টাইগার হেড কোচ হাথুরুসিংহে ভাবছেন অন্য কিছু। ক্রিকেটারদের এভাবেই নিজেকে মানিয়ে নিতে হবে। সঠিক সুযোগের অপেক্ষায় থাকা ক্রিকেটারদের সেরাটা দিতে পারলে তবেই দিনশেষে তারা সফল। সিলেটে অনুশীলন শেষে বাংলাদেশ হেড কোচ বলেন, “ক্রিকেটারদের চাপ সামলানোর ক্ষমতা থাকতে হবে। সেটা যেন কোনভাবেই পারফরম্যান্সে প্রভাব না ফেলে। আমি চাপ সামলাতে না পারা ক্রিকেটারদের কখনোই দলে চাইবো না।”
