দুর্জয় দাশ গুপ্ত »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ ওভারের নাটকীয়তার ম্যাচে রোহিতদের জয় ৬ উইকেটের। আর টানা চার পরাজয়ের স্বাদ গ্রহণ করলো মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস।
এবারের আইপিএলে আজই প্রথমবার দিল্লির জার্সিতে খেলতে নামেন মুস্তাফিজ। শুরুটা মোটেও ভালো হয়নি কাটার মাস্টারের। নিজের করা প্রথম ওভারে মুস্তাফিজের খরচ ১৩ রান। তারপরের দুই ওভারে মাত্র ১০ রান খরচ করে রোহিত শর্মার উইকেট তুলে নিয়ে দিল্লিকে ম্যাচে ফিরিয়েছিলেন ফিজ। কিন্তু নিজের করা চতুর্থ ওভারে ১৫ রান দিয়ে আবার ম্যাচ থেকে নিজের দলটাকে ছিটকে ফেলেন তিনি।
মুস্তাফিজ যখন নিজের চতুর্থ ওভার করতে বোলিংয়ে আসেন তখন মুম্বাইয়ের দরকার ১২ বলে ২০ রান। সেই ওভারে ফিজকে ক্যামেরন গ্রিন এবং টিম ডেভিড একটি করে ছক্কা হাঁকান। সব মিলিয়ে সে ওভারে আসে ১৫ রান। নিজের করা চার ওভারে ৩৮ রানের বিনিয়মে রোহিত শর্মার উইকেট নেন মুস্তাফিজ।

এদিকে শেষ ওভারে জয়ের জন্য ৫ রান লাগত মুম্বাইয়ের। অ্যানরিখ নরকিয়ার দুর্দান্ত কয়েকটি ইয়র্কারে শেষ বলের সমীকরণ গিয়ে দাঁড়ায় এক বলে ২ রানের। শেষ বলে টিম ডেভিড ২ রান নিয়ে মুম্বাইয়ের জয় নিশ্চিত করেন।
