ওয়ার্নারকে দেশে ফিরে যেতে বললেন শেবাগ

দুর্জয় দাশ গুপ্ত »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব পালন করছেন অজি তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। কিন্তু মাঠ এবং মাঠের বাইরে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। দিল্লির এবারের আইপিএল যাত্রাটা মোটেও ভালো হয়নি। নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরেছে ওয়ার্নারের দল। আর দল হারার পেছনের সবচেয়ে বড় কারণ হিসেবে সাবেক ক্রিকেটাররা দেখছেন ডেভিড ওয়ার্নারকে।

গতকাল রাজস্থান রয়্যালের বিপক্ষে ম্যাচে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ওয়ার্নার। তবে তার এমন মাইলফলকের দিনেও শুনতে হচ্ছে সমালোচনা। তিন ম্যাচের দুটোতেই করেছেন ফিফটি, কিন্তু যত সমস্যা সব স্ট্রাইক রেটে। ১২০ – ১২৫ স্ট্রাইক রেটে রান করলেও সেটা দলের জন্য যথেষ্ট হয়ে উঠছে না বরং রান তোলার গতি প্রতিনিয়ত বেড়েই চলছে।

ওয়ার্নারের এমন ব্যাটিং নিয়ে শেবাগ বলেন, ‘আমি মনে করি এখনই সময় তাঁকে ইংরেজিতে বলে দেওয়ার যাতে সে শোনে এবং কষ্ট পায়। ডেভিড, যদি আপনি শোনে থাকেন তাহলে আপনি ভালো খেলুন। ২৫ বল খেলে ৫০ রান করেন। জাসওয়ালের থেকে শিখুন। আর যদি আপনি এভাবে খেলতে না পারেন তাহলে দেশে ফিরে যান।’

গতকাল রাজস্থানের দেয়া ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৭ রানে হেরেছে দিল্লি। ওয়ার্নার ফিফটি করলেও বল বেশি খেলেছেন বলে হারের ব্যবধানটা কমাতে পারেননি। এ ব্যাপারে শেবাগ আরো বলেন, ‘৫০ বা ৬০ রান করার চেয়ে ওয়ার্নার যদি ৩০ রান করে আউট হয় সেটা তাঁর দলের জন্য ভালো। কারণ পরবর্তী ব্যাটাররা বল বেশি পাবেন রান করার জন্য।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »