নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) প্রথম আসরের শিরোপা জয় করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। উত্তেজনাপূর্ণ ফাইনালে দিল্লি ক্যাপিটালস উইমেন্সকে ৭ উইকেটে হারিয়েছে মুম্বাই। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচ সেরা হয়েছেন শিভার।
মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং নেয় দিল্লি। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান করে দিল্লি। জবাবে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে মুম্বাই। ন্যাট সিভার ৫৫ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে মুম্বাইয়ের জয় নিশ্চিত করেছেন। ৮ বলে ১৪ রান করে তার সঙ্গে অপরাজিত ছিলেন অ্যামেলিয়া কার।
টসে জিতে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপ্টেন মেগ ল্যানিং দারুণ শুরু করেন। তবে মুম্বাইয়ের বোলার ইসি ওংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে অপরপ্রান্তে উইকেট পড়তে থাকে। এতে ল্যানিং ৩৫ রানে আউট হয়। হেইলি ম্যাথুজ ও অ্যামেলিয়া কারের দৃষ্টিনন্দন বোলিংয়ে মাত্র ৬ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে যায় দিল্লি।
৭৯ রানে ৯ উইকেট হারানো দিল্লিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে শিখা পাণ্ডে ও রাধা যাদব। শেষ উইকেট জুটিতে ২৪ বলে অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে ১৩১ রান পর্যন্ত করতে সমর্থ হয় দিল্লি। শিখা ও রাধা ২ জনই ২৭ রানে অপরাজিত ছিলেন।
ম্যাথুজ ৪ ওভারে ২ মেডেন দিয়ে মাত্র ৫ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া ওং ৩টি এবং কার ২টি উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য দুই ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া ও হেইলি ম্যাথুজ দলীয় ২৩ রানের মাঝে সাজঘরে ফেরেন। এরপর ৩য় উইকেট জুটিতে শিভার ও হারমানপ্রীত ৬২ রান তোলেন। হারমানপ্রীত ৩৭ রান করেন। এরপরে বাকি সময় দ্রুত ব্যাটিং করে ৩ বল হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার অর্জন করে মুম্বাই।
শিভার ৫৫ বলে ৭ চারে অপরাজিত ৬০ রান করেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে ম্যাচ সেরা হয়েছেন তিনি। এছাড়া কার ১৪ রানে অপরাজিত থাকেন।
এস.আর/নিউজক্রিকেট২৪
