১১ বছর পর আইরিশদের বিপক্ষে দ্বিপাক্ষীয় সিরিজের টি-২০ তে মুখোমুখি বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়ানডে সিরিজের পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে সবশেষ সেই ২০১২ সালে দ্বিপাক্ষীয় সিরিজে দুই দলের দেখা হয়েছিল। সেই সিরিজেও জিতেছিল বাংলাদেশ। এবার দীর্ঘ ১১ বছর পর মাঠে নামছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দাপুটে খেলেই ২-০‘তে সিরিজ জিতেছে টাইগাররা। প্রথম ম্যাচে ১৮৩ রানে জিতেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে।আর শেষ ম্যাচে ১০ উইকেটে পাওয়া জয়টি ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম।

আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ড এর আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে একবার জিতেছে। তা ২০০৯ সালের বিশ্বকাপে। ওয়ানডে সিরিজে উড়িয়ে দিলেও প্রতিপক্ষকে কোনোভাবেই ছোট করে দেখতে রাজি নন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তিনি বলেন, ‘ক্রিকেটে কোনো প্রতিপক্ষই সহজ না। কাউকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই আসে না। আয়ারল্যান্ডকেও নয়। আর আমরা যদি আয়ারল্যান্ডকে হালকাভাবে নেই তাহলে আমাদেরই ক্ষতি হবে। আমরা কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেইনা। আবার কাউকে ভয়ও করি না। এটাই আমাদের মন্ত্র।’

বাংলাদেশ কোচ বলেছেন, সিলেটে ওয়ানডে সিরিজে একচ্ছত্র কর্তৃত্বের পর চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজটাও নিজেদের করে নিতে চায় তার দল।

হাথুরু বলেন, ‘আমরা আসলে ওয়ানডের মত ফলই চাই। আমরা তা নিয়েই কথাবার্তা বলছি। আমরা সেই প্রসেসটাই অনুসরণ করবো, যেটা আমাদের জন্য সহায়ক। আমরা যদি আমাদের প্রসেস ঠিক রেখে খেলতে পারি, তাহলে আমরা একটা ভালো দল হতে পারবো। সেটাই ক্রিকেটারদের বলা হয়েছে।’

আইরিশ কোচ হেনরিক মালান বলেন, ‘আমরা সবসময়ই চাই ৩-০তে জিততে। কিন্তু বাংলাদেশকে ৩-০তে হারানোটা মূল বিষয় না। আমাদের জন্য ব্যাপার হচ্ছে একটা নির্দিষ্ট পথ ও ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে। আশা করি এটা চালিয়ে যেতে পারলে ৩-০ তে জয় এমনিতেই আসবে।’

হাথুরু বলেন, ‘মনে হয় উইকেট হবে ফ্ল্যাট। তবে উইকেটের মাঝখানে একদম ঘাস নেই। মনে হয় অনেক খেলা হয়েছে এই পিচে। তাই একদমই ঘাস নেই। আশা করি এটা ‘ট্রু’ উইকেটই হবে। তবে মনে হয় না এ উইকেটে খুব একটা গতি থাকবে।’

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »