নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলা হচ্ছে না জনি বেয়ারস্টোর বেশ কয়েকদিন আগেই এমনটাই জানিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম। এরপরেই এমন খবর প্রকাশের সত্যতা পাওয়া গেছে। এক বিবৃতিতে বেয়ারস্টো না খেলার সঙ্গে তার বদলি ক্রিকেটারের নামও নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস। যেখানে প্রথমবারের মতো আইপিএলে ম্যাথু শর্টকে দেখা যাবে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গলফ খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন বেয়ারস্টো। যার ফলে ছিটকে যান বিশ্বকাপ থেকে। বিশ্বকাপের পরও ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তার। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশে বেয়ারস্টোকে ছাড়াই খেলে গেছে ইংল্যান্ড।
দীর্ঘ পর মাঠে ফিরছেন বেয়ারস্টো। তাই এখনই বেশি খেলার ধকল নিতে চাইছেন না ইংরেজ ব্যাটার। আইপিএলের থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
বেয়ারস্টোকে না পাওয়ায় অস্ট্রেলিয়ার ম্যাথু শর্টকে দলে নিয়েছে পাঞ্জাব। অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সিতে বিগ ব্যাশের সবশেষ আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। যেখানে ১৪৪.৪৭ স্ট্রাইক রেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫৩ রান করার পাশাপাশি বল হাতে ১১ উইকেট শিকার করেন শর্ট।
এস.আর/নিউজক্রিকেট২৪
