নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন বাংলাদেশের তারকা সাকিব আল হাসান ও লিটন দাস। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের কারণে তাদের আইপিএল খেলতে অনুমতি দেয়নি বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। ভবিষ্যতে আইপিএল নিলামে নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা ভারতীয় গণমাধ্যমে এমনটাই বলা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ বোর্ড এভাবে অসহযোগিতা করলে ভবিষ্যতে সাকিবরা আইপিএলে হয়তো কোনও দলই পাবেন না। সেই দেশের ক্রিকেটারদের অগ্রাহ্য করা হবে নিলামের সময়।’
ভারতীয় ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএলে অনেক আগে থেকেই খেলছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গত কয়েক আসর ধরে টুর্নামেন্টটিতে খেলেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও। তবে এবারই প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন ওপেনার লিটন দাস।
এর আগে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে বিসিবি বরাবর আবেদন করেন সাকিব-লিটনরা। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট রেখে তাদের আইপিএল খেলতে যেতে দিতে নারাজ বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। আইরিশদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে এই কথা জানান তিনি।
নাজমুল হাসান বলেছেন, ‘না থাকার (বাংলাদেশের খেলার সময়) আমি কোনও বিকল্প দেখি না। যদি এমন হতো, ওদেরকে বলেছি যে ভেবে চিন্তে দেখতেও পারি- এরকম কোনও সুযোগ দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে, তাহলে সন্দেহ থাকতো। আমরা তো পরিষ্কার বলেই দিয়েছি। এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি। সিদ্ধান্ত বদল হওয়ার কোনও সম্ভাবনা দেখি না। যদি কখনও সিদ্ধান্ত বদল হয় আপনাদেরকে আগেই জানাবো। তবে এখনও আগের সিদ্ধান্তই বহাল আছে।’
একটি ওয়েবসাইটে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি মালিক বলেছেন, ‘আমাদের অভিযোগ করার কোনো জায়গা নেই। কারণ ক্রিকেটারদের ব্যাপারে বিসিসিআই বাকি বোর্ডগুলোর সঙ্গে সমঝোতা করে। কিন্তু সামনে থেকে কিছু দেশের ক্রিকেটার নেওয়ার ব্যাপারে দলগুলো সতর্ক হয়ে যাবে। এর আগে তাসকিন আহমেদও এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) পাননি। এখন সাকিবদের ক্ষেত্রেও একই আচরণ। যদি ওরা ক্রিকেটারদের আইপিএলে খেলতে দিতেই না চায়, তাহলে নথিভুক্ত (নিলামের তালিকায়) করারই দরকার নেই। তবে আমরা নিশ্চিত বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে সব দলের ধারণা বদলে যাবে।’
আগামী ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর।
এস.আর/নিউজক্রিকেট২৪
