দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আয়ারল্যান্ড। আজ সোমবার দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় তামিম ইকবালের দল। এর আগে প্রথম ওয়ানডেতে সফরকারীদের ১৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল টিম টাইগার্স।
প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় আইরিশরা। তাদের জন্য এই ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ। আজ হারলেই সিরিজটা ছিটকে পড়বে, তাই জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেন না আইরিশ কোচ হেনরিখ মালাল। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছি। এই সিরিজেও আমরা ভালো কিছু করতে চাই। শুরুটা আমাদের মোটেও ভালো হয়নি। কিন্তু এখন ঘুরে দাঁড়াবার সময়। ভিন্ন এক কন্ডিশনে এমন একটি দলের বিপক্ষে খেলছি যারা মাত্র ক’দিন আগেই বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছে। এখন দেখার বিষয় আমরা কি করতে পারি।’
এর আগে কেবল একবারই বাংলাদেশ সফরে এসেছিলো আয়ারল্যান্ড। ১৫ বছর আগে ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। ২০১০ সালে আইরিশদের মাটিতে হওয়া সিরিজ ১-১ এ সমতায় থাকে। এখন পর্যন্ত ১১টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মধ্যে বাংলাদেশের জয় আটটি আর আইরিশদের জয় দুটি ম্যাচে, একটি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়।
