নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে অনুমতি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠি দিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। গতকাল (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের ফাঁকে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
সাকিব আল হাসান ও লিটন দাস বাংলাদেশের টেস্ট দলে রয়েছেন। আগামী ৪ এপ্রিল মাঠে গড়াবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি। সে কারণে সাকিব-লিটন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকেও ছুটি চেয়েছেন। তবে দুজনের চিঠির উত্তর এখনো দেয়নি বিসিবি।
জালাল ইউনুস বলেছেন, ‘ওরা (সাকিব-লিটন) আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি। তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, ওদের এনওসি দেওয়া হবে কি হবে না এ বিষয়ে।’
আগামী ৩১ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের আইপিএল। এই আসরে বাংলাদেশ থেকে সাকিব ও লিটনকে কলকাতা এবং মোস্তাফিজকে দলে রেখেছে দিল্লি ক্যাপিটালস।
এস.আর/নিউজক্রিকেট২৪
