সাকিবের আইপিএলে খেলার প্রসঙ্গে যে বার্তা দিলেন পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরম্যাটে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় টাইগারদের। এই সিরিজ শেষেই শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ।

আসন্ন এই সিরিজ খেলতে ইতোমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছে গেছে আইরিশরা। সফরে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে দলটি।

অন্যদিকে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলার জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে সাকিব আল হাসানকে নাও দেখা যেতে পারে।

গতকাল (১২ মার্চ) রাতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারানোর পর গণমাধ্যমের সামনে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই আয়ারল্যান্ড সিরিজ ও সাকিবের আইপিএল খেলার বিষয়ে কথা ওঠে।

আয়ারল্যান্ডের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৪ এপ্রিল। অন্যদিকে এর আগেই ৩১ মার্চ শুরু হয়ে যাবে আইপিএল। যেখানে সাকিবের দল কেকেআরের প্রথম ম্যাচ ১ এপ্রিল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এখনও অনেক দেরি আছে। এগুলো নিয়ে কোনো কথা হলে না বলবো! আগে কথাটা হোক। ওরা (সাকিব, লিটন ও মুস্তাফিজ) আসুক এটা নিয়ে। শুনি, তারপর না হয় একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলা যাবে। এখন এগুলো নিয়ে আমি কথা শুনতেই রাজি না। এটাই আমি ওদের বলেছি।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমাদের এমন (ছাড়পত্র দেওয়ার) কোন পরিকল্পনা নেই। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেওয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা এরই মধ্যে ওদের জানিয়ে দিয়েছি।’

সাকিব নিজে কি আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলা বা না খেলার ব্যাপারে কিছু বলেছেন? এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘সাকিব এখনও কাউকে বলেনি কোনোটাতে অ্যাভেইলেবল নয়। আমি তো জানি অবশ্যই সবগুলোতে অ্যাভেইলেবল।’

আইপিএলে খেলার ছাড়পত্র চেয়েছেন কিনা এমন প্রসঙ্গে বিসিবি প্রধান আরও বলেন, ‘সাকিব যদি এনওসি চায়, তখন বলতে পারবো। এখন আমি কি জোর করে চাওয়াবো ওকে দিয়ে? আপনারা যেভাবে বলছেন, আমার তো মনে হয় এখন জোর করে তার কাছ থেকে আবেদন নিতে হবে এনওসির জন্য।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »